তারেক রহমানকে দেশে ফেরত পাঠানোর দাবি ।। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে আ.লীগের স্মারক‌লি‌পি

501

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের কাছে স্মারক‌লি‌পি দিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। মঙ্গলবার (৬ মার্চ) লন্ডনের স্থানীয় সময় বেলা ২টার দিকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতরের এক কর্মকর্তার হাতে এ স্মারকলিপি দেওয়া হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত সাংগঠনিক প্যাডে লিখিত চিঠিতে তারেক রহমানের বিরুদ্ধে নানা অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, তারেক রহমান বাংলাদেশের আদালতে দণ্ডপ্রাপ্ত আসামি। দুটি মামলায় তার কারাদণ্ডের পাশাপাশি আর্থিক জরিমানা হয়েছে। কিন্তু যুক্তরাজ্যে অবস্থান করার মাধ্যমে তারেক রহমান তার অপরাধের সাজা এড়িয়ে যাচ্ছেন।

চিঠিতে আরও বলা হয়, সম্প্রতি লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে বিএনপি নেতা-কর্মীরা যে হামলা চালিয়েছিল, সেটি তারেক রহমানের নির্দেশে হয়েছে তা বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে। তারেক রহমানকে পলাতক আসামি উল্লেখ করে বাংলাদেশে ফেরত পাঠাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানানো হয় ওই চিঠিতে।

যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের নেতৃত্বে ওই চিঠি দেওয়া হয়।

উল্লেখ্য, খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান প্রায় ১০ বছর ধরে পরিবার নিয়ে যুক্তরাজ্যে বসবাস করছেন। গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার কারাদণ্ড হওয়ার পর থেকে তারেক রহমান লন্ডনে বসেই দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসনের দায়িত্ব পালন করছেন। 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.