আসন্ন নির্বাচন নিয়ে দাউদকান্দিতে ছাত্রলীগের কেন্দ্রীয় সা. সম্পাদকের মত বিনিময়; সার্বিক আয়োজনে অনন্য নজির

617

।। নিজস্ব প্রতিনিধি।।

দিন যত গড়াচ্ছে, জাতীয় সংসদ নির্বাচনও দরজায় কড়া নাড়ছে যেন। নির্বাচন সামনে রেখে কুমিল্লার দাউদকান্দিতে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী মুখ গোলাম রাব্বানী।

গত বৃহস্পতিবার বিকেলে দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ এই মতবিনিময় সভার আয়োজন করে।

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউসার অনিকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী। সভার সঞ্চালনা করেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ ফকির।

ছবি : উপজেলা চত্বরে ছাত্রলীগ সাধারণ সম্পাদককে স্বাগত জানান দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)।

এতে, আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনার শক্তির অগ্রযাত্রাকে ধরে রাখার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

সমাবেশে ছাত্রলীগের বিভিন্ন উপজেলা থেকে আগত অসংখ্য নেতাকর্মী অংশ নেন। এর আগে, ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলীর নিমন্ত্রণে তার সরকারি বাসভবন পায়রায় মধ্যহ্নভোজে অংশ নেন। এরপর ছাত্রলীগ সাধারণ সম্পাদককে সঙ্গে নিয়ে দাউদকান্দি মডেল থানার সামনে শেখ রাসেল চত্ত্বর ও যারিফ আলী শিশু পার্কে যান মোহাম্মদ আলী। শেখ রাসেল চত্ত্বর ও যারিফ আলী শিশু পার্কের নান্দনিক সৌন্দর‌্য দেখে সন্তোষ প্রকাশ করেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক।

ফিরতি পথে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে নিজে সেলফি তুলে উল্লাস প্রকাশ করেন গোলাম রাব্বানী।

ছবি : ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সেলফি তুলে আনন্দ প্রকাশ করেন গোলাম রাব্বানী।

স্থানীয় নেতাকর্মীরা জানান, গত ৪৭ বছরে দাউদকান্দিতে ছাত্রলীগের এমন আনন্দঘন আয়োজন এর আগে চোখে পড়েনি। তাই এই আয়োজন স্থানীয় ছাত্রলীগের অনুষ্ঠানমালায় অনন্য নজির স্থাপন করেছে।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.