কদমতলী সেতু পরিদর্শন করলেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান

559

।।নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার দাউদকান্দিতে ভেঙ্গে পড়া কেডিসি-কদমতলী ব্রিজ পরিদর্শন করেছেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আউয়াল সরকারসহ দলের নেতৃবৃন্দ।

মঙ্গলবার দুপুরে তারা কদমতলীতে গিয়ে ভেঙ্গে পড়া সেতুটির সার্বিক বিষয়াদি পরিদর্শন করেন। সেতুটি দ্রুত নতুন করে নির্মাণ করার পদক্ষেপ নেয়ার চেষ্টা চলছে বলে  এসময় স্থানীয়দের জানান তারা।

এ সময় দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব চৌধুরী লীল মিয়া, তিতাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শওকত আলী, দাউদকান্দি উপজেলা শ্রমিক লীগের সভাপতি রকিব উদ্দিন রবিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল ৮ অক্টোবর ১৮, সকালে দাউদকান্দির কেডিসি-কদমতলি ব্রীজ ভেঙ্গে খোকন মিয়া (২৪) নামে এক ট্রাক্টর চালক নিহত হয়। সে ইটভাটা থেকে ট্রাক্টর ভর্তি ইট নিয়ে দাউদকান্দি যাওয়ার পথে সেতুটি ভেঙ্গে খাদে পড়ে ঘটনাস্থলে মারা যায়। নিহত খোকন সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার মোগারচর গ্রামের মোঃ আজমল মিয়ার ছেলে। দাউদকান্দি পৌরসভার সবজিকান্দি গ্রামে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অধীনে প্রায় ১৫ বছর আগে দাউদকান্দি উপজেলা সদরের সাথে সদর উত্তর ইউনিয়নের সংযোগ সেতুটি সতানন্দী খালের উপর নির্মাণ করা হয়। কয়েকবছর পূর্বে বালুর ট্রলারের ধাক্কায় সেতুর মাঝখানের পিলার ভেঙে যায়। এবং সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে৷ দুই বছর আগে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করে সেতুর প্রবেশ মুখে সাইনবোর্ড টানায় উপজেলা প্রশাসন।

কিন্তু বালু ও ইট ব্যবসায়ীরা রাতের আধারে সাইনবোর্ড ও পিলার তুলে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভারী যানবাহন চলাচল অব্যাহত রাখায় এ দূর্ঘটনা ঘটে বলে এলাকাবাসী জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.