শেখ হাসিনার অবদানে মেঘনাবাসী এখন এসি বাসে যাতায়াত করে : মালয়েশিয়ায় মোহাম্মদ আলী

593

কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের  চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) বলেছেন, দশ বছর আগেও মেঘনা উপজেলাবাসী নৌকা ও ট্রলারে যাতায়াত করতো। শেখ হাসিনার অবদানে মেঘনাবাসী এখন এসি বাসে যাতায়াত করে।

রোববার মালয়েশিয়ায় অনুষ্ঠিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে “রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ও জনগণের ক্ষমতায়ন” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ, মালয়েশিয়া শাখার আয়োজনে এ আলোচনা সভা হয়। এ সময় তিনি বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জননেত্রী শেখ হাসিনা সারা দেশেই ব্যাপক উন্নয়ন করেছেন। মেঘনা উপজেলার উন্নয়ন তার একটি উদাহরণ। আমার নেতা কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য  এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জে. (অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া এই উন্নয়নে জননেত্রীর সহযোগী হিসেবে কাজ করেছেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য মোহাম্মদ আরেফিন মোল্লা।
মনসুর আল বাশার সোহেলের সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন আওয়ামী যুবলীগ, মালয়েশিয়া শাখার আহ্বায়ক তাজকীর আহমেদ।

অনুষ্ঠানে মোহাম্মদ আলী আরও  বলেন, শেখ হাসিনা এখন শুধু বাংলাদেশের রাষ্ট্রনায়কই নন, তিনি এখন বিশ্বনেতা। তাঁর নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.