।। নিজস্ব প্রতিনিধি ।।
দাউদকান্দিতে পানিতে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। শনিবার (১৮ নভেম্বর) রাত ৯ টায় দাউদকান্দি টোল প্লাজা- পৌর বাজার সড়কের পাশে পুকুরে লাশ ভাসতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে। নিহত যুবকের নাম সুমন। সে দাউদকান্দি পৌরসভার সবজিকান্দি গ্রামের মান্নান মেম্বারের ছেলে। নিহতের পরিবার জানায়, সুমন গত তিনদিন যাবৎ নিখোঁজ ছিল।
নিহতের বড় ভাই শাহীন বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় অজ্ঞাত নামা আসামি করে মামলা দায়ের করেছেন।
দাউদকান্দি মডেল থানার ওসি (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ জানান, গত রাতে পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। রাতেই লাশ উদ্ধার করা হয়। রোববার সকালে লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.