||নিজস্ব প্রতিনিধি||
করোনা ভাইরাসের কারণে সৃষ্ট বৈরী পরিস্থিতিতেও দ্রুত এগিয়ে চলেছে কুমিল্লার দাউদকান্দির উন্নয়ন কর্মসূচি।এরই অংশ হিসেবে উপজেলার ইলিয়টগঞ্জ অঞ্চলের স্থানীয় অর্থনীতির লাইফলাইন খ্যাত এবং বহুল প্রত্যাশিত কুশিয়ারা হতে নগরপার পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়ক চালু করা হয়েছে।
বৃহস্পতিবার (০৯ জুলাই, ২০২০) দাউদকান্দির ইলিয়টগঞ্জ (উত্তর) ইউনিয়নের কুশিয়ারা বাজার হতে নগরপাড় গ্রাম পর্যন্ত প্রায় ২২৮৪ মিটার রাস্তা সড়কটি মানুষ ও যান চলাচলের জন্য খুলে দেয়া হয়; এর উদ্বোধন করেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী। এতে সুফল পাবেন ইউনিয়নের ৭ গ্রামের মানুষ। এ অঞ্চলে বড় বড় মৎস্য প্রকল্প অবস্থিত। তাই সড়কটি দ্বারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে উপজেলার মৎস্যচাষীরা।
সড়কটি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, উপজেলা মৎস্য লীগ সভাপতি লোকমান মুন্সি, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. নুরুল হক ,সাধারণ সম্পাদক কাদেরসহ স্থানীয় আওয়ামী লীগ ও অন্যান্য সকল সংগঠনের নেতৃবৃন্দ।
ইউনিয়নবাসীর প্রতি কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়ার অন্যতম একটি নির্বাচনী অঙ্গীকার ছিল, গুরুত্বপূর্ণ এই সড়কের নির্মাণ করা।
এই সড়কটির সাথে অত্র অঞ্চলের অর্থনৈতিক অবকাঠামো ওতপ্রোতভাবে সম্পৃক্ত। এটি চালু হওয়ার ফলে এলাকাবাসী- স্থানীয় এমপি ও উপজেলা চেয়ারম্যানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কুমিল্লার নির্মাণ প্রতিষ্ঠান বাদশা এন্টারপ্রাইজের অধীনে, প্রায় ১ কোটি ৪৬ লক্ষ ৪০ হাজার টাকা ব্যয়ে, ২২৮৪ মিটার সড়কে বিটুমিন ঢালাই ও ৪২৬ মিটার ভীতসহ গাইডওয়াল নির্মাণ করা হয়।
সড়কটি উদ্বোধনের সময় উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী বলেন, দাউদকান্দি উপজেলার প্লাবনভূমির মৎস্য চাষ উপজেলার অর্থনৈতিক অবকাঠামো উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। নদী সংলগ্ন বেরিবাধ এবং বিরাট কয়েকটি প্লাবনভূমির প্রজেক্ট এখানে হওয়াতে এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। মাননীয় এমপি মহোদয়ের আন্তরিক সহযোগিতায় প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে এলাকাবাসী ও অত্র অঞ্চলের মৎস্য চাষী ও পেশাজীবীদের সুবিধার জন্য সড়কটি নির্মাণ করা হয়। উপজেলার অন্যান্য উন্নয়ন প্রকল্পগুলোও দ্রুত এগিয়ে চলেছে। ইনশাল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন প্রতিটি গ্রাম ও প্রতি বাড়িতে পৌঁছে গেছে এবং তা অব্যাহত আছে ও থাকবে।
ইলিয়টগঞ্জ (উত্তর) ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, ইউনিয়নের অর্থনৈতিক অবকাঠামো ও জনগণের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়ক নির্মাণ হওয়ায়, কুশিয়ারা, আউটবাগ ভেলানগর, নগরপাড়, কলিযোগ, আউটিয়াখোলা, ভিটমারসহ আশপাশের অঞ্চলের সাথে দ্রুত যোগাযোগ সম্ভব হবে।
উল্লেখ্য, দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে “প্লাবন ভূমিতে মাছ চাষ” বাংলাদেশে বিখ্যাত। এখানে প্লাবনভূমিতে চাষকৃত মাছের যেমন দেশের আমিষের চাহিদা পূরণ করছে ঠিক তেমনি মাছ চাষীরা উপজেলার অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। কুশিয়ারা নদী পাড়ের এই সড়কটিতে প্রায় তিনটি বড় বড় মৎস্য প্রকল্প আছে। এতদিন সড়কটি ভাঙাচোরা থাকায় প্রায়ই মৎস চাষিরা দুর্ভোগ পড়তো, সড়কের নির্মাণ করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মৎস্যচাষীরা।