||নিজস্ব প্রতিনিধি||
কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া বলেছেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও সকল প্রকার নেশা দ্রব্য থেকে দূরে রাখতে সহায়তা করে।

সোমবার (২৩ শে ডিসেম্বর, ২০১৯) বিকেলে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয় মাঠে, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর।

উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন “দাউদকান্দি উপজেলা বনাম হোমনা উপজেলা। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় নির্ধারিত সময় গোলশূন্য ড্র হয়। এবং প্রথম ট্রাইবেকারেও খেলা ৪-৪ গোলে ড্র হয়। এরপর দুই দলের খেলোয়াড় আরো ছয় বার করে শট নিলে খেলার নিষ্পত্তি না হওয়ায়, দুই দলের খেলোয়াড় একবার করে গোলবারে শট নিলে দাউদকান্দি উপজেলা ১-০ গোলে জয় পায়।ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন দাউদকান্দি উপজেলা দলের মামুন।
খেলায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক কাইজার মোহাম্মদ ফারাবী।দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান ও হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি চাকমা। দাউদকান্দি উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, দাউদকান্দি ও হোমনা উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
