||নিজস্ব প্রতিনিধি|| নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাফিল আলম রাজধানীর স্কায়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (২৭ জুলাই) সকাল ৬:১৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।ইসরাফিল আলমের ব্যক্তিগত সহকারী পারভেজ, পরিবার, স্থানীয় দলীয় লোকজনসহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তারমৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, কুমিল্লা-১ আসনের(দাউদকান্দি-মেঘনার) সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া।
গত ২৩ জুলাই শারীরিক সমস্যার জন্য ইসরাফিল আলমকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। লিভারে পানি জমা সহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরীরের অবনতি হলে দুই দিন থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। এ অবস্থায় আজ সোমবার সকালে তার মৃত্যু হয়।
টানা তিন বারের সংসদ সদস্য ইসরাফিল আলমের জন্ম নওগাঁর রাণীনগর উপজেলার গোনা ইউনিয়নের ঝিনা গ্রামে। তিতাস গ্যাস কোম্পানিতে মিটার রিডার হিসেবে তিনি দীর্ঘদিন চাকরি করেছেন। ঢাকা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তিনি টকশোর জগতে এক অনন্য ব্যক্তিত্ব। এছাড়াও তিনি একজন তারকা কণ্ঠশিল্পী ও লেখক।