|| নিজস্ব প্রতিনিধি ||
কুমিল্লার দাউদকান্দি উপজেলার চরগোয়ালী খন্দকার নাজির আহমেদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবেন্দ্র চন্দ্র বৈষ্ণবের বিরুদ্ধে দূর্নীতি, অনিয়ম, অর্থ আত্মসাৎ ও সভাপতির স্বাক্ষর জালিয়াতির অভিযোগের ভিত্তিতে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটি।
জানা যায়, আজ পূর্বনির্ধারিত সময় অনুযায়ী বিদ্যালয় পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। তবে, সভায় শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত হলেও প্রধান শিক্ষক দেবেন্দ্র চন্দ্র বৈষ্ণব উপস্থিত হননি। পরে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ওই প্রধান শিক্ষককে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বুলবুল আহমেদকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেয়া হয়।
উল্লেখ্য, বিদ্যালয়ের সভাপতির স্বাক্ষর জালিয়াতি করে ২০২০ সালের বৈশাখী ভাতা এবং মার্চ, এপ্রিল ও মে মাসের সরকারি বেতন উত্তোলন করেন প্রধান শিক্ষক।
এছাড়া ২০১৯ সালের জেএসসি পরীক্ষায় জুরানপুর করিমুন্নেছা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীকে নকল দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন দেবেন্দ্র চন্দ্র বৈষ্ণব। এছাড়াও তার মেয়েকে দাউদকান্দি আদর্শ (পাইলট) উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেনিতে ভর্তি করিয়ে অধ্যয়নরত থাকার পরও ক্ষমতার অপব্যবহার করে চরগোয়ালী খন্দকার নাজির আহমেদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেনিতে ভর্তি দেখান তিনি এবং সরকারি উপবৃত্তির টাকা গ্রহণেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
দেবেন্দ্র চন্দ্র বৈষ্ণব ২০১১ সালের জানুয়ারী থেকে চরগোয়ালী খন্দকার নাজির আহমেদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।