অান্ত:জেলা বিতর্ক প্রতিযোগিতা : ১ম রাউন্ডে জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ বিজয়ী

677

।। নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে দ্বিতীয় অন্ত:জেলা বিতর্ক প্রতিযোগিতা-২০১৭’র প্রথম রাউন্ডে বিজয়ী হয়েছে জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ। এর মাধ্যমে দাউদকান্দি উপজেলার সেরা বিতর্ক দল হিসেবে তারা দ্বিতীয় রাউন্ডে উপজেলা টু উপজেলা প্রতিযোগিতায় অংশ নেয়ার যোগ্যতা অর্জন করলো।

এই বিতর্ক প্রতিযোগিতার আজকের বিষয় ছিল : মাদক প্রতিরোধে আইনের চেয়ে সামাজিক সচেতনতাই বেশি জরুরি’। এই পর্বে মডরেটর হিসেবে দায়িত্ব পালন করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমিন।

রোববার সকাল ১১টায় জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ দল,  বিপক্ষ দল গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজ দলকে ৭৮ পয়েন্ট ব্যবধানে  পরাজিত করে। এরপর দুপুর ১টায় একই বিষয়ে আরেকটি বিতর্কে ১২ পয়েন্ট ব্যবধানে ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজকে পরাজিত করে জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ দ্বিতীয় রাউন্ডে পৌঁছায়।

 

 

অন্ত:জেলা বিতর্ক প্রতিযোগিতার প্রথম রাউন্ড দাউদকান্দি উপজেলার সকল কলেজ অংশগ্রহণ করে।  দ্বিতীয় রাউন্ডে বিতর্ক প্রতিযোগিতা উপজেলা টু উপজেলা হবে। প্রতিটি উপজেলা থেকে একটি করে কলেজ দ্বিতীয় রাউন্ডে যাবে।

এ বিষয়ে জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের আজীবন দাতা সদস্য, চট্টগ্রাম বিভাগ ও কুমিল্লা জেলার শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অবঃ) এর মন্তব্য জানতে চাইলে তিনি বলেন,  কুমিল্লা জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে  “১ম আন্তঃজেলা মাদক, ইভটেজিং ও জঙ্গিবাদ বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০১৭” এ জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ রানার্স-আপ হয়েছিল। এসময় তিনি আরও বলেন, কলেজটি শুধুমাত্র বিতর্ক প্রতিযোগিতায় নয়, খেলাধুলা ও একাডেমিক শিক্ষায়ও অনন্য । বর্তমানে কুমিল্লা জেলার শীর্ষ কলেজগুলির মধ্যে এটি অন্যতম।

উল্লেখ্য, কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব:) মো: সুবিদ আলী ভূঁইয়া ১৯৯৩ সালের ২১ ফেব্রুয়ারি ক্যাডেট কলেজের আদলে জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই কলেজটির সুনাম-সুখ্যাতি দেশব্যাপী ছড়িয়ে পড়ে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.