||নিজস্ব প্রতিনিধি||
০৯ জুন ২০২০, কুমিল্লার দাউদকান্দি উপজেলার চতুর্থ উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নিজের শপথ গ্রহণের পাঁচ বছর পূর্ণ করলেন মেজর মোহাম্মদ আলী (অব.)।
২০১৫ সালের ১০ মে উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে আনারস প্রতীকে বিপুল ভোটে জয়লাভ করেন; এরমাধ্যমে এ উপজেলায় সর্বপ্রথম আওয়ামী লীগের উপজেলা পরিষদ চেয়ারম্যান হন তিনি। এরপর ৯ জুন ২০১৫, শপথ গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
শপথ গ্রহণের ৫ বছর পূর্তির প্রতিক্রিয়ায় দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) বলেন, আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সামান্য কর্মী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করি এবং উপজেলাবাসীর ভালবাসায় বিপুল ভোটে জয়লাভ করে এলাকাবাসীর সেবার সুযোগ পেয়েছি।
আমার এই পাঁচ বছরের শাসনামলে দাউদকান্দি উপজেলাকে একটি আধুনিক ডিজিটাল শহর হিসেবে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপক উন্নয়ন ও সেবা মানুষের কাছে পৌঁছিয়েছি। ইনশাল্লাহ সকলের সহযোগিতায় আমি সফল হয়েছি। আরো অনেক উন্নয়নমূলক কাজ অব্যাহত আছে এবং তা চলছে, চলবে।

তিনি বলেন, উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণের পর প্রথমে আমি প্রাথমিক শিক্ষা স্তর থেকে শিশু শিক্ষার হার ঝরে পড়া রোধ করেছি। উপজেলার প্রতিটি গ্রামে গ্রামে চিকিৎসা সেবা নিশ্চিত করেছি। মাধ্যমিক স্তরের শিক্ষার মান উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছি। উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন নতুন সড়ক, ব্রিজ ও মসজিদ -মাদ্রাসা, মন্দির, উপাসনালয় নির্মাণ করেছি। স্বীকৃতিস্বরূপ জেলা ও বিভাগে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হই; এ গৌরবময় অর্জন উৎসর্গ করি আমার প্রাণপ্রিয় দাউদকান্দিবাসীকে।
মোহাম্মদ আলী বলেন, দীর্ঘ পাঁচ বছর দায়িত্বপালনকালে জনগণের বৃহৎ স্বার্থে এবং উপজেলাবাসীর কল্যাণে কাজ করতে গিয়ে, আমার কার্যক্রমে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। সামনের দিনগুলোতে দাউদকান্দি উপজেলার চলমান উন্নয়ন কাজ অব্যাহত রাখতে সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি। ঘরে থাকুন, স্বাস্ব্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।