দাউদকান্দিতে ৭ লাখ ৬৬ হাজার বই বিতরণ

854

।।নিজস্ব প্রতিনিধি।।

‘জাতীয় পাঠ্যপুস্তক উৎসব উদযাপনের অংশ হিসেবে কুমিল্লার দাউদকান্দিতে মাধ্যমিক, দাখিল ও প্রাথমিক বিদ্যালয়ে ৭ লাখ ৬৬ হাজার ৮৩০টি বই বিতরণ করা হয়েছে।

আজ ( সোমবার, ১ জানুয়ারি ২০১৮) সকালে দাউদকান্দি আদর্শ (পাইলট)উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ‘পাঠ্যপুস্তক উৎসব’ উদ্বোধন করেন কুমিল্লা- ১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া। একই স্থানে দাউদকান্দির ইতিহাসে এই প্রথম একসঙ্গে ৬ হাজার শিক্ষার্থীর হাতে নুতন বই তুলে দেয়া হয়। এ সময় জুরানপুর করিমুন্নেসা ‍উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মিসেস মাহমুদা ভূঁইয়া, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমিন এবং অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

ছবি : বই বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন : কুমিল্লা- ১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া

একই সময় উপজেলার সকল মাধ্যমিক, দাখিল মাদ্রাসা ও প্রাথমিক  বিদ্যালয়েও পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ দাউদকান্দিনিউজকে জানান, দাউদকান্দি উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়পর্যায়ে ৪ লাখ ৫৯ হাজার ১৪০ ও দাখিলে ৭২ হাজার ৬শ ৯০টি বিতরণ করা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র বিশ্বাস জানান, প্রাথমিক বিদ্যালয়ে বিতরণ করা হয় ২ লাখ ৩৫ হাজার বই।

 

এর আগে, শনিবার (৩০ ডিসেম্বর ২০১৭) শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে ২০১৮ শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  শনিবার সকালে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আজ ১ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে টানা নবমবারের মতো সারাদেশে একযোগে উদযাপন করা হয় পাঠ্যপুস্তক উৎসব। এর আওতায় এ বছর বিনামূল্যে ৩৫ কোটির বেশি নতুন বই বিতরণ করা হয় প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের প্রায় সাড়ে ৪ কোটি শিক্ষার্থীর মাঝে।

পাঠ্যপুস্তক উৎসবে অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা এড়াতে ২০১৫ সালের পর থেকে শিক্ষা ও গণশিক্ষা মন্ত্রণালয় পৃথকভাবে কেন্দ্রীয় উৎসবের আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় এবার বছরের প্রথম দিনে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে মাধ্যমিক স্তরের পাঠ্যবই বিতরণের উৎসব করে শিক্ষা মন্ত্রণালয়। এ আয়োজন উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে পৃথক অনুষ্ঠান করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার প্রাথমিক স্তরের বই বিতরণের এ কার্যক্রম উদ্বোধন করেন।

প্রসঙ্গত, বর্তমান শেখ হাসিনার সরকার ২০১০ শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক স্তরে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ শুরু করে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.