চার দফা দাবিতে দাউদকান্দিসহ ৪ উপজেলায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি: ইপিআই টিকা বঞ্চিত শিশু-কিশোরী ও নারীরা
।।নিজস্ব প্রতিনিধি।।
চারদফা দাবিতে কুমিল্লার দাউদকান্দি, হোমনা, তিতাস ও মেঘনা উপজেলায় স্বাস্থ্য সহকারীরা আজ সোমবার থেকে কর্মবিরতি শুরু করেছে। এতে ৪ উপজেলায় হাজার হাজার নারী-শিশু ও কিশোরী ইপিআই এর টিকাদান সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এ কর্মবিরতির কারণে সোমবার সকালে অনেক নারী-শিশু টিকা নিতে এসে ফিরে যান।শিশু-কিশোরী ও নারীদেরকে টিকা দান বঞ্চিত রেখে কর্মবিরতি করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।
স্বাস্থ্য সহকারীতাদের দাবিগুলো হচ্ছে: টেকনিক্যাল পদমর্যাদা ও বেতন স্কেল প্রদান, মূল বেতনের ৩০% মাঠভ্রমণ ভাতা ও ঝুঁকিভাতা প্রদান, প্রতি ৬ হাজার জনসংখ্যার বিপরীতে একজন স্বাস্থ্য সহকারী নিয়োগের নিশ্চয়তা প্রদান এবং ১০% পোষ্যকোটা প্রবর্তন করা।
সোমবার গৌরীপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের পালিত কর্মসূচীতে বক্তব্য রাখেন- দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- আরিফুল ইসলাম, ফরিদ হোসেন এবং মনিরুজ্জামান প্রমুখ।
এ ছাড়া মেঘনা উপজেলা থেকে এসোসিয়েশনের সভাপতি এস,এম মাসুদ, তিতাস থেকে সভাপতি বিল্লাল হোসেন এবং হোমনা থেকে সভাপতি কবির হোসেন স্ব-স্ব এলাকায় কর্মবিরতি পালন করছেন বলে জানান।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, গরু-ছাগলের টিকা যারা দেয় তারাও আমাদের চেয়ে উপরের গ্রেডের সকল সুযোগ সুবিধা পাচ্ছেন কিন্তু আমরা মানবশিশু ও নারীদের টিকা দেয়ার কাজটি করেও পেছনে পড়ে আছি।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.