।। নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দিতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা সাইদুর জামান টিপু দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার গৌরীপুর বাজারে এ ঘটনা ঘটে। আহত টিপু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এবং বানিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি। তার বাড়ি বানিয়াপাড়া গ্রামে।
স্থানীয় সূত্র জানায়, বেশ কিছু দিন যাবৎ রায়পুর-জিংলাতলী এলাকায় প্লাবন ভূমির মাছ চাষের প্রকল্প নিয়ে কয়েকটি গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে মঙ্গলবার দুপুরে টিপু বাড়ি গৌরীপুর বাজারে গেলে তার ওপর হামলা করে একদল দুর্বৃত্ত। এ সময় তাকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দায়িত্বরত ডাক্তার টিপুকে কুমিল্লা ট্রমা সেন্টারে রেফার করেন।
উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ও হাসপাতালের প্রধান চিকিৎসক জালাল আহমেদ জানান, আহত টিপুর শরীরে মারাত্মক জখম রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাই তাকে দ্রুত কুমিল্লায় প্রেরণ করা হয়েছে।
- নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ছাত্রলীগ নেতা জানিয়েছেন, জিংলাতলী ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেনের নেতৃত্বে টিপুর ওপর এ হামলা চালানো হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.