।। ডেস্ক রিপোর্ট।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু দেশের উন্নয়নের স্বার্থেই চীনের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা হচ্ছে। তাই চীনের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্পর্ক নিয়ে ভারতের বিচলিত হওয়া উচিত নয়।
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় গণভবনে ভারতীয় গণমাধ্যমের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এ আশ্বাস ব্যক্ত করেন। ওই প্রতিনিধি দলে থাকা দ্য হিন্দু বিজনেস লাইন, দ্য টেলিগ্রাফ ও আনন্দবাজার পত্রিকার সাংবাদিকরা গত বুধবার এ নিয়ে প্রতিবেদন লিখেছেন।
সাম্প্রতিক বছরগুলোতে চীনের কাছ থেকে ডুবোজাহাজ (সাবমেরিন) কেনাসহ বিভিন্ন ইস্যুতে ভারতের উদ্বেগ প্রকাশ পেয়েছে দেশটির সংবাদমাধ্যমে। প্রধানমন্ত্রী সাংবাদিকদের জানান, সরকারের একমাত্র বিবেচনার বিষয় হচ্ছে, দেশের উন্নয়ন। বাংলাদেশের প্রবৃদ্ধিতে সহায়তা করবে- এমন যেকোনো দেশের প্রতি সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিতে তৈরি আছে।
আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করেন, বাংলাদেশের স্বার্থের বিষয়টি বিবেচনায় নিলেও ভারতের গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর ওই বক্তব্য বেশ যৌক্তিক। কারণ দেশের উন্নতির স্বার্থকে বিবেচনায় নিয়েই বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশকে সম্পর্ক এগিয়ে নিতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুই দেশের সম্পর্ককে চমৎকার বলে মন্তব্য করেছেন। সফরকারী ভারতের সাংবাদিকরাও দ্বিপক্ষীয় সুসম্পর্কের বর্তমান অবস্থাকে যে কোনো সময়ের চেয়ে ভালো বলে অভিহিত করেছেন। এ সুসম্পর্কের মধ্যেও সুনির্দিষ্ট কিছু বিষয় যেমন- তিস্তা চুক্তি সইয়ে দেরি, রোহিঙ্গা ইস্যুতে ভারতের অবস্থান এবং আসামে কথিত বাংলাদেশি ইস্যু ঢাকায় অস্বস্তি ও হতাশা সৃষ্টি করেছে।
বাংলাদেশ-ভারত মিডিয়া সংলাপে অংশ নিতে সোমবার কলকাতা ও দিল্লি থেকে জ্যেষ্ঠ সম্পাদক-সাংবাদিকদের একটি প্রতিনিধি দল ঢাকায় আসে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.