আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে দলীয় কোন্দল নিরসন করে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে কুমিল্লা-১ আসনের এমপি মেজর জেনারেল (অব:) মো: সুবিদ আলী ভূঁইয়ার নির্দেশনায় মাঠ পর্যায় কাজ করছেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব:) মোহাম্মাদ আলী ।
দলীয় সূত্র জানায়, গত ২৪ মার্চ ২০১৫ ইং তারিখ দীর্ঘ ১৮ বছর পর দাউদকান্দি ঈদগাহ মাঠে দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের তৎকালীন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক জনাব বীর বাহাদুর উশৈসিং, এমপি।
সম্মেলনের পর সিনিয়ার নেতাদের সমন্বয়ে সকলের মতামতের ভিত্তিতে গঠনতন্ত্র অনুযায়ী এ্যাডভোকেট আহসান হাবীব চৌধুরী লীল মিয়াকে সভাপতি এবং ইঞ্জিনিয়ার আব্দুস সালামকে সাধারণ সম্পাদক করে উপদেষ্টা কমিটি সহ দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের র্পূণাঙ্গ কমিটি প্রকাশ করা হয় ।
কিন্তু উক্ত কমিটি গঠনের দেড় বছর পর গত ২৮ নভেম্বর ২০১৬ ইং তারিখ দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের পরীক্ষিত, যোগ্য ও ত্যাগী নেতা-কর্মীদের অবমূল্যায়িত করে এ্যাডভোকেট আহসান হাবীব চৌধুরী লীল মিয়াকে সভাপতি এবং জনাব মহিউদ্দিন শিকদারকে সাধারণ সম্পাদক করে উপজেলা যুবলীগের সমন্বয়ে ভিন্ন একটি কমিটি প্রকাশ করা হয় ।
সূত্র আরও জানায়,মহিউদ্দিন শিকদার দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে কাউন্সিলর ছিলেন না, যা বাংলাদেশ আওয়ামী লীগ এর গঠনতন্ত্র ৬(ঙ) এবং ৯ ধারার সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়া গঠনতন্ত্রের ৩৭ ধারা মোতাবেক প্রতি উপজেলায় একটি করে উপজেলা আওয়ামী লীগ গঠনের বিধান থাকলেও দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের দুইটি কমিটি গঠন করা হয়েছে। আরও উল্লেখ্য যে, বাংলাদেশ আওয়ামী লীগ এর গঠনতন্ত্র ২৬(গ) ধারা মোতাবেক উপজেলা পর্যায়ে কেন্দ্রের অনুরূপ উপদেষ্টা পরিষদ গঠনের বিধান থাকলেও উক্ত কমিটিতে তা অনুসরণ করা হয়নি।
ফলে বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রকে পাশ কাটিয়ে, অবৈধ ক্ষমতার প্রভাব খাটিয়ে অথবা বিপুল অর্থের বিনিময়ে অসাংবিধানিক ভাবে এই কমিটি অনুমোদিত হয়েছে বলে তৃণমূলে গুঞ্জন শুরু হয়। যার ফলশ্রুতিতে দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকান্ডে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে, নেতাকর্মীরা দ্বিধাবিভক্ত ও বিভ্রান্ত হয়ে আছে।
এমতাবস্থায়, উক্ত গঠনতন্ত্র বর্হিভূত, অবৈধ ও অসাংবিধানিক কমিটির বিষয়ে কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ, বিদ্যমান কোন্দল নিরসন ও আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে কুমিল্লা-১ আসনের এমপি মেজর জেনারেল (অব:) মো: সুবিদ আলী ভূঁইয়ার নির্দেশনায় ও দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব:) মোহাম্মাদ আলীর আহবানে ২৪ এপ্রিল সোমবার সন্ধ্যায় দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের উভয় কমিটির নেতৃবৃন্দ মেজর মোহাম্মাদ আলী (অব:) এর ঢাকাস্থ কার্যালয়ে বৈঠকে বসতে যাচ্ছেন বলে জানা গেছে।
বৈঠকে এ্যাডভোকেট আহসান হাবীব চৌধুরী লীল মিয়া নেতৃত্বে ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, সাংবাদিক হাবিবুর রহমান, সাংবাদিক ওমর ফারুক মিয়াজী, মুক্তার হোসেন, আহম্মেদ উল্ল্যাহ, মঈন চৌধুরী, নাইম ইউসুফ সেইন, আমান উল্লাহ এসডু, কুদ্দুস সরকার, বশিরুল আলম মিয়াজী এবং ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদারের নেতৃত্বে অধ্যাপক আব্দুল মান্নান জয়, বশিরুল আলম মিয়াজী, মোঃ শাহজাহান, বিল্লালুর রশিদ দোলন সহ ১০ সদস্যের একটি দল অংশগ্রহণ করতে পারেন বলে জানা গেছে।