।। নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)। পরিদর্শনকালে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিজেই ক্লাস নেন তিনি।
মঙ্গলবার [২৩ এপ্রিল ২০১৯] দুপুরে তিনি কাউকে কিছু না বলে হঠাৎ করেই বেরিয়ে পড়েন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থা, শিক্ষকদের পাঠদান পদ্ধতি এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষকদের উপস্থিতির হার সরেজমিনে দেখার জন্য। এ সময় তিনি উপজেলার ইলিয়টগঞ্জ ড. মোশাররফ হোসেন ফাউন্ডেশন কলেজ, রায়পুর কে সি উচ্চ বিদ্যালয় ও জিংলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন তিনি। পরিদর্শনের মাঝে ইলিয়টগঞ্জ ড. মোশাররফ হোসেন ফাউন্ডেশন কলেজ ও রায়পুর কে সি উচ্চবিদ্যালয়ে ক্লাস নেন মেজর মোহাম্মদ আলী (অব.)।

জিংলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে আদর করছেন উপজেলা চেয়ারম্যান।
মেজর (অব.) মোহাম্মদ আলী শিক্ষকদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীদের ভালভাবে ও যত্নসহকারে পড়াতে হবে। অসুস্থ বা জরুরি প্রয়োজন ছাড়া কোনো শিক্ষক যেন ক্লাস অনুপস্থিত না থাকে- এ ব্যাপারে প্রতিষ্ঠান প্রধানদেরকে কড়া নির্দেশনা দেন তিনি।

ইলিয়টগঞ্জ ড. মোশাররফ হোসেন ফাউন্ডেশন কলেজে আইসিটির ক্লাস নিচ্ছেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান।
দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, তথ্য-প্রযুক্তির সুবিধা নিয়ে শিক্ষার্থীদেরকে সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলতে হবে। তাহলেই আমরা উন্নত জাতি হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে থাকতে পারবো। পাঠ্যপুস্তকের পাশাপাশি বঙ্গবন্ধুর আর্দশের শিক্ষা এবং বাঙালি জাতির সঠিক ইতিহাস তুলে ধরতে শিক্ষকদেরকে নির্দেশনা দেন তিনি।
ডিজিটাল পদ্ধতিতে শিক্ষার্থীদের বাংলাভাষা শিক্ষার পাশাপাশি ইংরেজি ভাষায়ও দক্ষ করে গড়ে তোলার নির্দেশ দেন মেজর মোহাম্মদ আলী (অব.)।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.