‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ স্লোগানে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা

535

।। নিজস্ব প্রতিনিধি।।

সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ স্লোগানে একাদশ সংসদ নির্বাচনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইশতেহার পাঠ করে ২১ দফা বিশেষ অঙ্গীকার তুলে ধরেন। যারমধ্যে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে গ্রামে আধুনিক সুবিধা সম্প্রসারণ ও তরুণদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা ও কর্মসংস্থানের নিশ্চয়তা।

ইশতেহারে প্রতিটি গ্রামকে আধুনিক নগর সুবিধা পৌঁছে দেয়া এবং তরুণদের দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তোলে কর্মসংস্থানের উপর গুরুত্ব দেয়া হয়েছে। প্রতিশ্রুতি দেয়া হয়েছে আগামী পাঁচ বছরে ১ কোটি ২৮ লাখ নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। সেই সাথে প্রতি উপজেলা হতে প্রতিবছর গড়ে ১ হাজার যুব মহিলাকে বিদেশে কর্মসংস্থান করা হবে। ২০২৩ সালের মধ্যে ২৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ও পাঁচ হাজার মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহ করা হবে।

ইশতেহারে সংসদকে আরো কার্যকর ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণের প্রক্রিয়াকে জোরদার করার প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

প্রতি নাগরিক যেন আইনের আশ্রয় ও সহায়তা পায় সেই ব্যবস্থা নেয়াসহ মানবাধিকার সুরক্ষা করা, সন্ত্রাস জঙ্গীবাদ মাদক নির্মুল, আরো জনবান্ধব আইনশৃঙ্খলা বাহিনী গড়ে তোলা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণসহ আগামী পাঁচ বছরের মধ্যে জিডিপি ১০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে আওয়ামী লীগ। ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়ে তোলে দারিদ্রের হার শূন্যের কোটায় নামিয়ে আনার দীর্ঘদেয়াদী পরিকল্পনার দিকটিও রাখা হয়েছে ইশতেহারে। পদ্মা সেতু, রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রসহ চলমান মেগা প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের কথা আছে ইশতেহারে। খাদ্য নিরাপত্তা অর্জন, ২০২১ থেকে ২৩ সালের মধ্যে ৫জি চালু, সমুদ্র সম্পদের সর্বোচ্চ ব্যবহার, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়নসহ উত্তরাঞ্চলের সাথে যোগাযোগ সহজ করতে যমুনা নদীর তলদেশে টানেল নির্মাণ ও মহাসড়কের পাশে আন্ডার পাস-ওভারপাস নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে।

সাংবাদিকদের বিরুদ্ধে কোন আইনের অপপ্রয়োগ না করা, গণমাধ্যম বান্ধব আইন প্রনয়নে অঙ্গীকার রয়েছে ইশতেহারে। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন বাস্তবায়নে লক্ষমাত্রা অর্জন করার কথা রয়েছে ইশতেহারে। এছাড়া শিক্ষা,স্বাস্থ্য,শিল্প উন্নয়ন ও শ্রমিককল্যাণে শ্রমনীতি গ্রহণের প্রতিশ্রুতিও নির্বাচনী ইশতেহারে দেয়া হয়।

আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিলে ঘোষণাপত্রের আলোকে তৈরি করা এই ইশতেহার মোট ৩৫টি প্রতিশ্রুতি যার  মধ্যে ২১ বিশেষ অঙ্গীকার তুলে ধরা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.