দাউদকান্দির বারপাড়া ইউপিতে স্বাধীনতার ৪৭ বছর পর এই প্রথম চেয়ারম্যান হিসেবে আওয়ামী লীগের প্রার্থীর শপথ গ্রহণ

601

।। নিজস্ব প্রতিনিধি।।

কুমিল্লার দাউদকান্দির বারপাড়া ইউনিয়ন পরিষদে স্বাধীনতার ৪৭ বছর পর এই প্রথম আওয়ামী লীগের চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন মো. মনির হোসেন তালুকদার।

রোববার দুপুরে কুমিল্লার জেলা প্রশাসক- আবুল ফজল মীর তাঁর কার্যালয়ে মনির হোসেন তালুকদারকে শপথ বাক্য পাঠ করান। এ সময় দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান [শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান, চট্টগ্রাম বিভাগ ও কুমিল্লা জেলা] মেজর মোহাম্মদ আলী (অব.) উপস্থিত ছিলেন।

বারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের আভ্যন্তরীণ দ্বন্দ্ব ও নানা কারণে স্বাধীনতার ৪৭ বছর পরেও এই ইউনিয়নে জয়ের মুখ দেখেনি আওয়ামী লীগ। ২০০৮ সালের নির্বাচনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠনের পর ইউনিয়নটিকে দলের শক্তিশালী ঘাঁটি হিসেবে তৈরি করার উদ্যোগী হন স্থানীয় সাংসদ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জে. (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়া। এরপর সাংগঠনিক নানা কর্মসূচির মাধ্যমে এই উদ্যোগের সফল বাস্তবায়ন করেন উপজেলা চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)। যার ফল আসে ২৮ ডিসেম্বর ২০১৭’র ইউনিয়ন পরিষদ নির্বাচনে। শক্তিশালী প্রতিপক্ষ ও বিএনপির প্রার্থী আলাউদ্দিনকে পরাজিত করতে সক্ষম হয় আওয়ামী লীগের প্রার্থী মনির হোসেন।

উল্লেখ্য, ২৮ ডিসেম্বর ২০১৭, বারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২ ভোটের ব্যবধানে নৌকার প্রার্থী মনির হোসেন তালুকদার, বিএনপির শক্তিশালী প্রার্থী ও সদ্য সাবেক চেয়ারম্যান আলাউদ্দিনকে পরাজিত করেন। এরপর আলাউদ্দিন বিভিন্ন অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হলে ঝুলে যায় চেয়ারম্যান হিসেবে মনির হোসেনের শপথ গ্রহণের কার্যক্রম। পরে আদালত সব কিছু পর্যবেক্ষণ করে নির্বাচিত চেয়ারম্যান হিসেব মনির হোসেন তালুকদারের পক্ষে রায় দেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.