।।নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার প্রসিদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠান গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি (প্লাটিনাম জুবিলি) উদযাপন উপলক্ষে আগামীকাল সোমবার সংবাদ সম্মেলন করবে স্কুল কর্তৃপক্ষ। সকাল ১০টায় স্কুলপ্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন করা হবে জানিয়েছেন স্কুলের শিক্ষক ও দৈনিক প্রথম আলোর দাউদকান্দি প্রতিনিধি আব্দুর রহমান ঢালী।
গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম জানান, বর্ণাঢ্য আয়োজনেই উদযাপিত হবে স্কুলের ৭৫ বছর পূর্তি(প্লাটিনাম জুবিলি)। আয়োজনের বিস্তারিত তথ্য জানানো হবে সংবাদ সম্মেলনে।
উল্লেখ্য, ১৯৪২ সালের পহেলা জানুয়ারি দাউদকান্দির গৌরীপুরে প্রতিষ্ঠিত হয় ‘গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়’।পরের বছর কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে উচ্চ বিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায় প্রতিষ্ঠানটি।
উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠার প্রাক্কালে স্থান ও অর্থ দান করেন স্বর্গীয় বাবু সুবল চন্দ্র সাহা ও মরহুম আফতাব উদ্দিন আহমেদ। এ কারণেই শুরু থেকেই এই দুই দাতার নাম জড়িয়ে বিদ্যালয়ের নামকরণ করা হয় গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়। হিন্দু ও মুসলিমের স্বতঃস্ফূর্ত দানে গড়ে উঠা এই বিদ্যালয় শিক্ষার আলো ছড়ানোর পাশাপাশি এই অঞ্চলের হিন্দু-মুসলিমের পারস্পরিক সৌহার্দ্য-সম্প্রীতির এক অনবদ্য দৃষ্টান্ত উপস্থাপন করে চলছে। প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছরই বোর্ডের ফলাফলে কৃতীত্বের স্বাক্ষর রাখছে বিদ্যালয়টি।
বাঙালির স্বাধীকার আন্দোলনেও গুরুত্বপূর্ণ অবদান আছে এই স্কুলের শিক্ষার্থীদের।১৯৫২ সালের ভাষা আন্দোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ৬ দফা পরবর্তী গণআন্দোলন, ৬৯’র গণঅভ্যূত্থান, ১৯৭০ সালের নির্বাচন এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অনবদ্য অবদান ছিল এই স্কুলের ছাত্রদের।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.