।।বিশেষ প্রতিনিধি।।
আজ ২১ নভেম্বর, মুক্তিযুদ্ধকালীন কুমিল্লার দাউদকান্দি থানার বিএলএফ কমান্ডার নজরুল ইসলামের ৪৬তম শহীদ দিবস। ১৯৭১ সালের এই দিনে ব্রাহ্মণবাড়িয়ার পৈরতলায় তাঁকে হত্যা করে হানাদার বাহিনী।
১৯৭২ সালে নজরুলের প্রথম শহিদ দিবস থেকেই স্মরণ-প্রতিবেদন প্রকাশ করে দৈনিক ইত্তেফাক।
১৯৭২ সালের ২১ নভেম্বর দৈনিক ইত্তেফাকে প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম ছিল : ‘গত বৎসর এই দিনে নজরুল শহীদ হইয়াছিলেন’।
তাতে লেখা হয়, ‘আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্সের ছাত্র দাউদকান্দি থানার মুজিব বাহিনীর কমান্ডার নজরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী। … আজ নজরুলের বাবা-মা, ভাই-বোন, বন্ধু-বান্ধব ও সহকর্মীরা নজরুলকে স্মরণ করিবে। নজরুল গত বৎসর এই দিনে অর্থাৎ ২১ শে নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় পাক হানাদার সহিত প্রত্যক্ষ যুদ্ধে শহিদ হন। নজরুল ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২য় বর্ষের ছাত্র। নজরুল কলেজ জীবনে ঢাকা কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলেন। বিশ্ববিদ্যালয় জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক এবং নিউমার্কেট হকার্স এসোসিয়েশনের সভাপতি ছিরেন। নজরুল আর নেই, কিন্তু তাহার বীরগাঁথা জীবন্ত হইয়া আছে সকলের অন্তরে।’
প্রতিবেদনটিতে পাকিস্তানিদের সঙ্গে প্রত্যক্ষ যুদ্ধে নজরুল শহিদ হওয়ার কথা বলা হয়েছে। কিন্তু নজরুল সম্মুখযুদ্ধে নয়, তাঁকে ২১ নভেম্বর ঈদের রাতে জেল থেকে ধরে নিয়ে গিয়ে হত্যা করেছিল হানাদার বাহিনী। প্রতিবেদকের কাছে পর্যাপ্ত তথ্য না থাকায় তিনি ভুল লিখেছিলেন হয়তো।
১৯৭৩ সালের ২১ নভেম্বর দৈনিক ইত্তেফাকে প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম ছিল : ‘আজ শহিদ নজরুলের মুত্যুবার্ষিকী।’ সেখানে লেখা হয়, ‘… ১৯৭১ সালের ২১ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় তাঁহাকে পাক সেনারা গুলি করিয়া হত্যা করে। হত্যার পূর্বে তাঁহার ওপর ২৩ দিন নির্যাতন করা হয়।…।
১৯৭৫ সালে প্রকাশিত ইত্তেফাকের শিরোনাম ছিল : ‘আজ শহীদ নজরুল ইসলামের চতুর্থ ’মৃত্যুবার্ষিকী।’
প্রতিবেদনে লেখা হয়, ‘মৃত্যুবার্ষিকী। ১৯৭১ সলের ২১ শে নভেম্বর তিনি শহীদ হন। মুক্তিযুদ্ধের সময় দাউদকান্দি থানা মুক্তিবাহিনীর কমান্ডার হিসেবে কর্তব্য পালনের সময় ব্রাহ্মণবাড়িয়ায় পাকবাহিনীর হাতে তিনি ধরা পড়েন এবং ১৭ দিন অকথ্য নির্যাতনের পর তাঁহাকে গুলী করিয়া হত্যা করা হয়। … শহীদ নজরুলের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁহার গ্রামের বাড়ী সুন্দলপুরে মিলাদ-মহফিলের আয়োজন করা হইয়াছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.