অগ্রহায়ণের প্রথম দিনেই ঢাকায় বৃষ্টি

616

অগ্রহায়ণের প্রথম দিনেই রাজধানী ঢাকায় বৃষ্টি হয়েছে। এ যেন শীতের আগমনী বার্তা।

 

বুধবার সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চলছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। লঘুচাপের কারণে সৃষ্ট এমন আবহাওয়া আরও দুদিন  চলতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

 

আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটির প্রভাবে বুধবার সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, রাজশাহী ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

 

বাংলা পঞ্জিকার হিসাবে আর এক মাস পর শীত ঋতুর শুরু। দিন ও রাতের তাপমাত্রা ইতোমধ্যে কমতে শুরু করেছে।

 

মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ১৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। আর দিনের তাপমাত্রা কমতে পারে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস।

 

নভেম্বর মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দু টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ের রূপ পাওয়ার আশঙ্কা রয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.