||শাহিন আহমেদ||
কুমিল্লার দাউদকান্দিতে ২১ শে আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১আগস্ট) দুপুরে দাউদকান্দিতে অবস্থিত কুমিল্লা (উ:) জেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতিতে ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণসহ আহত সকল নেতা-কর্মীদের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, দাউদকান্দি পৌর মেয়র নাঈম ইউসুফ সেইন, দাউদকান্দি উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খোরশেদ আলম, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ রকিবউদ্দিন রকিব, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জেবুন্নেসা জেবু, সাধারণ সম্পাদক লায়লা হাসান, উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন, পৌর যুবলীগ নেতা মোঃ মুরাদ চৌধুরী সুমনসহ উপজেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দু:স্বপ্নের কালো অধ্যায় ২০০৪ সালের ২১ শে আগস্ট গ্রেনেড হামলা। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে এ বর্বরোচিত গ্রেনেড হামলা করা হয়।
২০০৪ সালের ২১শে আগস্ট ঢাকায় আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলা করে জঙ্গি রাজনীতির ধারক- বাহক বিএনপি-জামাতের জঙ্গি হামলায় ২৪ জন নিহত হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে, এ ঘটনায় সে সময় আজকের প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাসহ প্রায় ৩০০ লোক আহত হয়। এই হামলায় নিহত হন বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নারী নেত্রী মিসেস আইভী রহমানও।
এসময় বক্তারা গ্রেনেড হামলার সাথে জড়িত সকলের অনতিবিলম্বে সর্বোচ্চ শাস্তি ফাঁসির রায় কার্যকরের জন্য দাবি জানান।
পরে আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শেষে মোনাজাতের মাধ্যমে গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনাসহ ভয়াবহ গ্রেনেড হামলায় আহত হয়ে কষ্টের মধ্যে যারা দিন যাপন করছেন তাদের সুস্থতা কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।