||নিজস্ব প্রতিনিধি||
বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) এর ৭৮তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স এবং ৫৩তম বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ স্বল্প পরিসরে অনাড়ম্বরভাবে আজ বৃহস্পতিবার (১৮-০৬-২০২০) ভাটিয়ারিস্থ বাংলাদেশ মিলিটারি একাডেমির প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। মাননীয় সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, এসবিপি, বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন। পরে তিনি কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ কুচকাওয়াজের মাধ্যমে ৭৮তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স এবং ৫৩ বিএমএ স্পেশাল কোর্সের সর্বমোট ২৫৫ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত অফিসারদের মধ্যে ২৩১ জন পুরুষ ও ২৪ জন মহিলা অফিসার রয়েছেন, যারা সেনাবাহিনীর চলমান “অপারেশন কোভিড শিল্ড’-এ উল্লেখযোগ্য অবদান রাখবে।
ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার তামিম আহমেদ ৭৮তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্সে সেরা চৌকস ক্যাডেট বিবেচিত হন এবং গৌরবমন্ডিত ‘সোর্ড অব অনার’ লাভ করেন। এছাড়া, কোম্পানি সিনিয়র আন্ডার অফিসার মাসরুফ হাসান নাঈম সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য ‘সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক’ অর্জন করেন। এখানে উল্লেখ্য যে, দুজনেই মির্জাপুর ক্যাডেট কলেজের ৪৯তম ব্যাচের প্রাক্তন ছাত্র। পরে ক্যাডেটগণ আনুষ্ঠানিক শপথ গ্রহণ করেন এবং পিতা-মাতা ও অভিভাবকগণ নবীন অফিসারদের পদবী পরিয়ে দেন।
এর আগে প্রধান অতিথি বিএমএ প্যারেড গ্রাউন্ডে এসে পৌছালে, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), বিএমএ’র কমান্ড্যান্ট এবং ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার তাঁকে অভ্যর্থনা জানান। উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ এবং সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারগণের পিতা-মাতা ও অভিভাবকগণ এ বর্ণাঢ্য কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন।