।। নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দিতে বিজয় দিবসের অনুষ্ঠানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।শনিবার সকাল ১০টায় দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।দাউদকান্দি মুক্তিযোদ্ধা সংসদের সদ্য সাবেক কমান্ডার মো. খোরশেদ আলম জানান, মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান সকালে দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নেন। এসময় হঠাৎ করে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে যান। দ্রুতই তাঁকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা এই বীর মুক্তিযোদ্ধাকে মৃত ঘোষণা করেন। এ খবরে অনুষ্ঠানস্থলে শোকের ছায়া নেমে আসে। অনুষ্ঠানেই মরহুমের আত্মার শান্তি কামনায় নিরবতা পালন ও দোয়া-মোনাজাত করা হয়।
মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান দাউদকান্দি উপজেলার হাসনাবাদ গ্রামেন বাসিন্দা। তাঁর বাবার নাম আলী মিয়া। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়ে এবং অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।
বাদ আসর মরহুমের নিজ বাড়িতে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান। (শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান, চট্টগ্রাম বিভাগ ও কুমিল্লা জেলা) মেজর (অব.) মোহাম্মদ আলী।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.