মেট্রোরেলের প্রথম স্প্যান দৃশ্যমান, প্রধানমন্ত্রীর বৈশাখীর উপহার

609

বহুল আকাঙ্ক্ষিত মেট্রোরেলের প্রথম স্প্যান দৃশ্যমান হলো। নির্মাণকাজ উদ্বোধনের  দেড় বছর পর রাজধানীবাসীর জন্য এলো এই সুসংবাদ।

আগামী ১৪ এপ্রিল পয়লা বৈশাখের দিন মেট্রোরেলের প্রথম স্প্যান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীবাসীর প্রতি এটি প্রধানমন্ত্রীর বৈশাখী উপহার।

ইতিমধ্যে দৃশ্যমান প্রথম স্প্যানের কাজও প্রায় শেষ পর্যায়ে। আজকালের মধ্যেই প্রথম স্প্যান বসানোর কাজ শেষ হবে। এ ছাড়া চলতি মাসের মধ্যেই আগারগাঁওয়ে প্রকল্পের দ্বিতীয় স্প্যান বসানো হবে।

মেট্রোরেলের প্রকৌশলীরা জানান, উত্তরায় মেট্রোরেলের মূল ডিপো এলাকার একটি স্প্যান স্থাপনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। পরবর্তী স্প্যান বসানো হবে আগারগাঁওয়ে।রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে মেট্রোরেলের দুটি খুঁটির ওপর বসানো হচ্ছে উড়াল রেলপথের প্রথম স্প্যান। এর মধ্য দিয়ে রাজধানীবাসীর স্বপ্নের মেট্রোরেল নির্মাণকাজের দৃশ্যমান অগ্রগতি হচ্ছে।

প্রকল্পসংশ্লিষ্টরা বলেছেন, প্রকল্পের মূল কাজ এখন দ্রুত গতিতে এগোবে। মাটি থেকে ১০ মিটার উঁচুতে দুটি খুঁটিতে প্রথম স্প্যানটি বসানো হচ্ছে। ৩৭৭টি পিলারের ওপর এ রকম ৩৭৬টি স্প্যান বসে বিস্তৃত হবে ২০ কিলোমিটারের মেট্রোরেল। তবে ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যেই পাঁচ সেট ট্রেন দিয়ে উত্তরা-আগারগাঁও রুটে যাত্রা করবে এই দ্রুততম যান। ১০০ কিলোমিটার গতিতে চলবে মেট্রোরেল।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.