দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যানের দাবীর প্রেক্ষিতে ট্রাক চালকদের জন্য বিশ্রামাগার নির্মিত হতে যাচ্ছে
কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকস্ট্যান্ড এবং বিশ্রামাগার নির্মাণ করবে সরকার। রবিবার দাউদকান্দি টোল প্লাজায় এক মতবিনিময় এ কথা বলেছেন নৌ-পরিবহন মন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান এমপি।
সুত্র জানায়, মতবিনিময় সভায় কুমিল্লা জেলা ও চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব:) সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমাতে ট্রাক চালকদের একটানা গাড়ি চালানো বন্ধ করতে ট্রাকস্ট্যান্ড এবং বিশ্রামাগার নির্মাণের জন্য উদ্যোগ নিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান এর প্রতি দৃষ্টি আকর্ষণ করলে তিনি তাতে সম্মত হয়ে দ্রুত বাস্তবায়নের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর সাথে কথা বলার প্রতিশ্রুতি দিয়েছেন।
এব্যাপারে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব:) এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘যে কয়টি কারণ সড়ক দুর্ঘটনার জন্য দায়ী তার একটি চালকের পর্যাপ্ত বিশ্রামের অভাব। দীর্ঘপথ একটানা গাড়ি চালিয়ে ক্লান্ত চালকরা সাবধান থাকতে পারেন না সব সময়। এ জন্য চালকদের জন্য পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা করার জন্য অনুরোধ জানিয়েছিলাম। সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আমাকে আস্বস্ত করেছেন বিশ্রামাগার নির্মাণের ব্যাপারে।‘
এসময় তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মহাসড়কে বাস এবং কার চালকরা হোটেল-রেস্তোরাঁয় খাওয়া এবং হালকা বিশ্রামের সুযোগ পান। কিন্তু ট্রাক চালকরা সে সুযোগ পান না। ট্রাকস্ট্যান্ড এবং বিশ্রামাগার নির্মাণ হলে এই সমস্যারও সমাধান হবে বলে মনে করছি।‘
নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিবহন শ্রমিক বলেন, ‘ট্রাকচালকরা রাস্তায় ট্রাক দাঁড় করিয়ে রেখে ঘুমিয়ে পড়ে আবার একটানা ট্রাক চালানোর কারণে রাতে দুর্ঘটনা ঘটে। রাস্তায় ট্রাকচালকদের কোনো খাওয়া্র হোটেল না থাকার কারণে অনেক সমস্যা হয়। এ জন্য অবশ্যই এটি একটি প্রশংসনীয় উদ্যোগ ।‘
সুত্র জানায়, বিএনপি-জামাত জোট সরকারের আমলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন প্রভাব খাটিয়ে ও দুর্নীতির মাধ্যমে দাউদকান্দি টোল প্লাজার অদূরে বলদাখাল এলাকার দক্ষিণে জয়পুর মৌজায় সরকারী ৩৭ একর খাস জমি নিজের নামে করে নিয়েছিলেন। ট্রাকস্ট্যান্ড এবং বিশ্রামাগার নিমার্ণে ঐ জমি সরকারীভাবে নির্ধারিত হবে বলে জানা গেছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.