নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে কুমিল্লা সিটি করপোরেশনের প্রচার-প্রচারণা। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিকে উপেক্ষা করে পোস্টার আর প্রার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে কুমিল্লার প্রতিটি প্রান্তর।
বৃহত্তর দাউকান্দি মেঘনা তিতাস উপজেলার আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন সমূহের নেতাকর্মীরা আজ দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব:) এর নেতৃত্বে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আনজুম সুলতানা সীমার নৌকা প্রতীকের পক্ষে প্রচারণার জন্য নির্বাচনী মাঠে নেমেছে। এসময় তারা ৮নং ওয়ার্ডের ভোটারদের কাছে সীমার পক্ষে নৌকা প্রতীকে ভোট চান।
এসময় তাদের সাথে যোগদান করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর। পরবর্তীতে তার নেতৃত্বে বেলা ৩টায় বিরাট মিছিল বের হয়ে টমসম ব্রীজ, হাউজিং এলাকা, শাকতলা ঠাকুরপাড়া, রানীর বাজার, বাদিচাগাও, কান্দিরপাড় সহ রামগাটলায় কুমিল্লা জেলা আওয়ামীলীগের স্থানীয় কার্যালয়ে পর্যন্ত ব্যাপক গণসংযোগ এবং প্রচারনা করা হয়।
উল্লেখ্য আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হবে সিটি করপোরেশনের দ্বিতীয় নির্বাচন। সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক দ্বিতীয়বারের মতো সিটি নির্বাচনে অংশ নিচ্ছেন। অন্যদিকে সাবেক কাউন্সিলর আঞ্জুম সুলতানা সীমা এবার প্রথম মেয়র পদে নির্বাচন করছেন।


