১৪ জুলাই ২০১৭ ইং শুক্রবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির গাজীপুরে ঢাকাগামী তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতি ও এলোপাতাড়ি ভাবে চালাতে গিয়ে সামনে রড বোঝাই লরির ভিতর ডুকে যায়। এতে ৫ যাত্রীর শরীরের বিভিন্ন অংশে রডবিদ্ধ হয়।

সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন দাউদকান্দি হাইওয়ে থানা, দাউদকান্দি মডেল থানা ও দাউদকান্দি ফায়ার সার্ভিস। দীর্ঘ ১ ঘন্টা চেষ্ঠা চালিয়ে আহতদের উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেয়ার পথে তিশা বাসের হেলপার মোঃ শাহ পরান (২৫) মারা যায়। গৌরীপুর হাসপাতালে আহত ৮ যাত্রীকে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় ঢাকা ও কুমিল্লায় প্রেরণ করা হয়।

দুর্ঘটনার কারনে মহাসড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট । এদিকে দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ উদ্ধার তৎপরতা চালানোর সময় পড়ে গিয়ে মাজায় প্রচন্ড ব্যাথা পেয়ে অজ্ঞান হয়ে যায় এবং পুলিশ কনস্টেবল তৈয়বের হাত কেটে যায়। ওসি আবুল কালাম আজাদকে চিকিৎসা শেষে বিশ্রামে দিয়েছেন ডাক্তার। একই সাথে ফায়ার সার্ভিসের মানিক মিয়া অসুস্থ হয়ে গৌরীপুর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন। দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, দুটি গাড়ির চালক পলাতক রয়েছে এবং নিহত হেলপারের লাশ ও দুর্ঘটনা কবলিত গাড়ীগুলো হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে।