কাল দাউদকান্দিতে ৭ লাখ ৬৬ হাজার বই বিতরণ

831

।। নিজস্ব প্রতিনিধি।।

আগামীকাল ১ জানুয়ারি ২০১৮, সারাদেশে  ‘জাতীয় পাঠ্যপুস্তক উৎসব’ উদযাপনের অংশ হিসেবে কুমিল্লার দাউদকান্দিতে মাধ্যমিক, দাখিল ও প্রাথমিক বিদ্যালয়ে ৭ লাখ ৬৬ হাজার ৮৩০টি  বই বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।

সোমবার সকাল ১০টায় দাউদকান্দি আদর্শ (পাইলট)উচ্চ বিদ্যালয় মাঠে দাউদকান্দির ইতিহাসে এই প্রথম একসঙ্গে ৬ হাজার শিক্ষার্থীর হাতে বই তুলে দেয়ার মাধ্যমে  আনুষ্ঠানিকভাবে ‘পাঠ্যপুস্তক উৎসব’  উদ্বোধন করবেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান, (শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান, চট্টগ্রাম বিভাগ ও কুমিল্লা জেলা) মেজর (অব.) মোহাম্মদ আলী ও দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমিন। একই সময় সকল মাধ্যমিক, দাখিল মাদ্রাসা ও প্রাথমিক  বিদ্যালয়েও পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। এরইমধ্যে  স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ্যপুস্কক পৌছে দেয়া হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ দাউদকান্দিনিউজকে জানান, দাউদকান্দি উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়পর্যায়ে ৪ লাখ ৫৯ হাজার ১৪০ ও দাখিলে ৭২ হাজার ৬শ ৯০টি বিতরণ করা হবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র বিশ্বাস জানান, প্রাথমিক বিদ্যালয়ে বিতরণ করা হবে ২ লাখ ৩৫ হাজার বই।

এর আগে, শনিবার (৩০ ডিসেম্বর ২০১৭) শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে ২০১৮ শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  শনিবার সকালে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ছবি : শনিবার গণভবনে ‘পাঠ্যপুস্তক বিতরণ’ উৎসব ২০১৮’র উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী ১ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে টানা নবমবারের মতো সারাদেশে একযোগে উদযাপন করা হবে পাঠ্যপুস্তক উৎসব। এর আওতায় এ বছর বিনামূল্যে ৩৫ কোটির বেশি নতুন বই বিতরণ করা হবে প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের প্রায় সাড়ে ৪ কোটি শিক্ষার্থীর মাঝে।

পাঠ্যপুস্তক উৎসবে অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা এড়াতে ২০১৫ সালের পর থেকে শিক্ষা ও গণশিক্ষা মন্ত্রণালয় পৃথকভাবে কেন্দ্রীয় উৎসবের আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় এবার বছরের প্রথম দিনে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে মাধ্যমিক স্তরের পাঠ্যবই বিতরণের উৎসব করবে শিক্ষা মন্ত্রণালয়। এ আয়োজন উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে পৃথক অনুষ্ঠান করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার প্রাথমিক স্তরের বই বিতরণের এ কার্যক্রম উদ্বোধন করবেন।

প্রসঙ্গত, বর্তমান শেখ হাসিনার সরকার ২০১০ শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক স্তরে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ শুরু করে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.