অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী তিন বছরের মধ্যে দেশ থেকে বিড়ি বিতাড়ন করা হবে। কারণ বিড়ি মানুষের সবচেয়ে বেশি ক্ষতি করে। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জিনিসের ব্যবসা চলতে দেয়া যায় না।
মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বাংলাদেশ বিড়ি শিল্প মালিক সমিতির একটি প্রতিনিধিদল দেখা করে। এ সময় অর্থমন্ত্রী এ কথা বলেন। সমিতির সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এ সময় তারা বিড়ি শিল্পের উপর আগের ট্যারিফ মূল্য পুনঃনির্ধারন এবং শ্রমিকদের ও সাধারণ মানুষের স্বার্থে মূল্যস্তর ও শুল্ক বৃদ্ধি প্রত্যাহার করার দাবি জানান।
সমিতির পক্ষ থেকে বলা হয়, সিগারেট বিড়ি উভয়ই ক্ষতিকর অথচ বিড়ির উপর যে হারে করারোপ করা হচ্ছে সিগারেটের উপর তা হচ্ছে না। এ সময় অর্থমন্ত্রী বলেন, স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক তামাক ও এ জাতীয় নেশা দেশ থেকে একেবারে বিতারিত করা হবে। এ জন্য যা যা প্রয়োজন সব ব্যবস্থা নেয়া হবে। শুধু বিড়ি নয় দেশ থেকে পর্যায়ক্রমে সিগারেটও দূর করা হবে।
অর্থমন্ত্রী বলেন, বিড়ির উপর আরোপিত কর হার কমানের প্রশ্নই উঠে না। এ সময় সমিতির পক্ষ থেকে বলা হয়, এ শিল্পের সঙ্গে অনেক কিছু জড়িয়ে আছে। বিড়ি শিল্প বন্ধ করা হলে মালিকরা বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, আপনাদের যা বিনিয়োগ রয়েছে, সেটা শেষ হবার জন্য ৩ বছর সময় দেয়া যাবে। এ সময় অল্প ট্যারিফ বাড়ানো হবে। নতুন করে আর বিনিয়োগ করবেন না।