প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদদের ত্যাগের মহিমায় যোগ্য নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলে দেশকে সোনার বাংলায় পরিণত করার বঙ্গবন্ধুর স্বপ্ন সফল করতে আগামী প্রজন্মের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি শনিবার সন্ধ্যায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ৪৭তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে আয়োজিত অনুষ্ঠানে ভাষণদান কালে এই আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, ‘যারা যুব সমাজ আছে তাদেরকে আমি এইটুকুই বলবো- মুক্তিযুদ্ধের চেতনায় লাখো শহীদের যে ত্যাগ, সেই ত্যাগের মহিমায় নিজেদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। গড়ে তুলতে হবে বাংলাদেশকে।’ প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ভাষণ দেন।
সংস্কৃতি মন্ত্রণালয়য়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই অনুষ্ঠানে লাখো জনতা অংশগ্রহণ করে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণভবনে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এবং সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর শুভেচ্ছা বক্তৃতা করেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড.কামাল আব্দুল নাসের চৌধুরী ভিডিও কনফারেন্সটি সঞ্চালনা করেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.