সন্তান হলো কাদা-মাটির মতো, যেভাবে গড়তে চাইবেন, সেভাবেই তৈরি হবে: মেজর মোহাম্মদ আলী(অব:)

0 634

মায়েরা যথাযথ ভূমিকা পালন করলে ছেলে-মেয়েরা অবশ্যই সুশিক্ষিত হবে। ছেলে-মেয়েদের সুশিক্ষিত করতে পারলে পরিবার, সমাজ এবং দেশ এগিয়ে যাবে। কুমিল্লার দাউদকান্দি উপজেলায় মা সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

আজ সকাল ১১ টার দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়টির অডিটোরিয়ামে এ সমাবেশ হয়।

উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী সুমন (অবঃ) বলেন, ‘সন্তান হলো কাদা-মাটির মতো, যেভাবে গড়তে চাইবেন, সেভাবেই তারা তৈরি হবে। সন্তান মায়ের অভ্যাস বা আচরণ অনুকরণ করে। তাই একজন সচেতন মা-ই পারেন সন্তানকে যথার্থ মানুষ হওয়ার শিক্ষা দিতে।’

তিনি বলেন, ‘সন্তানদের  ধনী হতে শিক্ষিত না করে সুখী হতে শিক্ষিত করা উচিত। একজন সন্তানের সবচেয়ে বড় সাথী হচ্ছে তার মা। তাই সন্তান জন্ম দিয়েই মায়ের দায়িত্ব শেষ হয়ে যাওয়ার নয়, সন্তানকে সঠিক আদর্শে গড়ে তোলার ব্যাপারটিও মায়ের দায়িত্ব ও কর্তব্যের মধ্যেই পড়ে।’

তিনি আরও বলেন, ‘অনেক মা মনে করেন স্কুলে দিয়েই দায়িত্ব শেষ। স্কুলে  দিলেই সন্তান মানুষ হয়ে বের হয়ে আসবে। আসলে কি তাই? আজকাল পেপার পত্রিকা উল্টালে দেখা যায়, কোন ছাত্র-ছাত্রী নেশা করছে, কেউ ইভটিজিং করছে, কেউবা না জেনে-বুঝে জঙ্গী হচ্ছে। ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছে কার সঙ্গে মিশছে, অবসরে কি করছে তার বন্ধু বান্ধব কেমন এসব খোঁজ-খবর সহ তার সুবিধা-অসুবিধার দিকে মাকে নজর দিতে হবে।’

এসময় তিনি বাল্যবিয়ে, জঙ্গি  ও মাদকমুক্ত দাউদকান্দি গড়তে মা’দের সহযোগিতার আহ্বান জানান ৷

সমাবেশে  হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ মোমেন ভূঁইয়া সভাপতিত্ব করেন। উপজেলার মা’রা সহ  উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল-আমিন, উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কানিজ আফরোজ প্রমুখ।

 

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.