দাউদকান্দিতে বিএনপি নেতা খন্দকার মোশাররফকে ২৪ ঘন্টার আল্টিমেটাম

621

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে ২৪ ঘন্টার মধ্যে  জাতির কাছে ক্ষমা চাওয়ার আহবান জানিয়ে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  বরাবর স্মারকলিপি দিয়েছে দাউদকান্দি ও মেঘনা উপজেলাবাসী ।

সূত্র জানায়, সোমবার  বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন একাত্তর টেলিভিশনের কাছে এক প্রতিক্রিয়ায় ২১ শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা প্রসঙ্গে বলেছেন, পৃথিবীর বহু দেশের রাজনীতিতে এরকম দুর্ঘটনা ঘটে থাকে। পুরনো ইতিহাস নিয়ে এতো আলোচনার কিছু নেই। জাতির জীবনে বহু দুর্ঘটনা ঘটে। এটা নিয়ে কোনো জাতি সারাজীবন কান্নাকাটি করেনি। এগুলো কোনো বিষয়ই না এখন। বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে এগুলো কোন বিষয়বস্তু নয়।

এই বক্তব্যের  নিন্দা ও প্রতিবাদ জানাতেই এই স্মারকলিপি দেয়া হয়েছে বলে জানাগেছে। সরকারের কাছে প্রেরণ করার জন্য় আজ বিকাল ৩টায় দাউদকান্দি ও মেঘনা উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের কয়েক হাজার নেতৃবৃন্দের উপস্থিতে বাংলাদেশ আওয়ামী লীগ  দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি এ্যাডভোকেট আহসান হাবীব চৌধুরী লীল মিয়া এই স্মারকলিপি হস্তান্তর করেছেন।

সূত্র জানায় , আগামী ২৪ ঘন্টার মধ্যে বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন জাতির কাছে ক্ষমা না চাইলে দাউদকান্দি এবং মেঘনা উপজেলার  সর্বস্তরের জনগণ তাঁকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করবে এবং পরবর্তী যে কোন অনাকাংক্ষিত ঘটনার জন্য তিনি দায়ী থাকবেন  বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.