কুমিল্লার চৌদ্দগ্রামে খালের পানিতে ডুবে জেলা বিএনপি নেতা আরিফুর রহমানসহ ২ ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের পূর্ব-উত্তর পাশের খালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি নেতা ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের আরিফুর রহমান (৭০) এবং পার্শ্ববর্তী বাড়ির মৃত আবদুর রশিদের ছেলে দিনমজুর মানিক হোসেন (৪২)। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। এর মধ্যে গুরুতর আহত একই গ্রামের জাকির হোসেনকে উন্নত চিকিত্সার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী আবদুল আউয়াল জানান, তার বড় ভাই আরিফুর রহমান তিন শ্রমিক নিয়ে বাড়ির পার্শ্ববর্তী জমিনে কচুরী পানা পরিস্কার করতে যান। কাজ শেষে বেলা সাড়ে ১১টায় বাড়ি ফেরার পথে তিনি শ্রমিকদের নিয়ে সাঁতার দিয়ে খাল পার হচ্ছিলেন। এ সময় শ্রমিক মানিক হোসেন খালের মাঝখানে এসে বলে ‘আমি মরে যাচ্ছি’। চিত্কার শুনে আরিফুর রহমান তাকে উদ্ধার করতে যায়। পরে তিনিও এক অবস্থায় বলেন ‘আমাকে বাঁচাও’। তাৎক্ষণিক চিত্কার শুনে আশ-পাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে। উদ্ধার করা দুইজনকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাদেরকে মৃত ঘোষণা করেন। দুইজনের মৃত্যুর খবরে আশপাশের লোকজনের মাঝে শোকের ছায়া নেমে আসে। উত্সুক মানুষ তাদেরকে একনজর দেখতে ভীড় জমায়।
সরেজমিন গিয়ে দেখা গেছে, নিহত দুইজনের বাড়িতে স্বজনদের কান্নায় হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে। নিহত আরিফুর রহমান তিন ছেলে ও এক মেয়ে সন্তানের জনক। চৌদ্দগ্রাম বাজারে তার একটি দোকান রয়েছে। অপরদিকে দিনমজুর মানিক হোসেন চার মেয়ে ও এক ছেলে সন্তানের জনক। তার মৃত্যুতে স্ত্রী শাহেদা বেগমসহ সন্তানদের সান্ত্বনা দেয়ার ভাষা কারো জানা নেই।