কুমিল্লা মেডিকেল কলেজে বিদেশগামীদের করোনা পরীক্ষা

0 538

 

||নিজস্ব প্রতিনিধি||
কুমিল্লা মেডিকেল কলেজেই বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষা করা যাবে। দেশের বিভিন্ন অঞ্চলে বিদেশগামী যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষার জন্য মোট ১৬টি কেন্দ্র নির্ধারণ করে দিয়েছে সরকার। এক বিজ্ঞপ্তিতে জানানো হয় শুধুমাত্র সরকার অনুমোদিত টেস্টিং সেন্টার থেকেই করোনা ভাইরাস পরীক্ষার সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে। এসব কেন্দ্র থেকে করোনা ভাইরাসের পরীক্ষার নেগেটিভ সনদ নিয়ে তবেই বিমানে ওঠা যাবে। ২৩জুলাই হতে বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া সকল বিমান সংস্থার যাত্রীদের ক্ষেত্রে এই সনদ বাধ্যতামূলক করা হয়েছে।

এবিষয়ে কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল আজাদ জানান, বিদেশগামী যাত্রীদের জন্য জেলা সিভিল সার্জন অফিসের বুথে নমুনা সংগ্রহ করে কুমিল্লা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে প্রেরণ করা হবে এবং পরীক্ষা শেষে আবারও তা সিভিল সার্জন অফিসে পাঠিয়ে দেয়া হবে।পরে বিদেশগামীরা সিভিল সার্জন অফিস থেকে রিপোর্ট সংগ্রহ করতে পারবে।
এদিকে, বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষা কুমিল্লা মেডিকেল কলেজে হওয়ায় এ অঞ্চলের প্রবাসীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তারা বলছেন, এর ফলে বৃহত্তর কুমিল্লার মানুষ এর সুফল পাবে।
তবে, এসব ক্ষেত্রে সরকারি নির্দেশনা অনুযায়ী কয়েকটি শর্ত মানতে হবে : যাত্রীর পরীক্ষা যাত্রার আগের অন্তত ৭২ ঘণ্টার মধ্যে হতে হবে। অর্থাৎ ৭২ ঘণ্টার আগে করা পরীক্ষার ফলাফল গ্রহণযোগ্য হবে না, বা এর আগে নমুনা সংগ্রহ করা হবে না। যাত্রার ২৪ ঘণ্টা আগে অবশ্যই রিপোর্ট সংগ্রহের ব্যবস্থা করতে হবে।
নমুনা দেয়ার সময় পাসপোর্টসহ যাত্রীদের বিমান টিকেট দেখাতে হবে এবং পরীক্ষার অর্থ পরিশোধ করতে হবে।
কোভিড-১৯ পরীক্ষার জন্য নির্দিষ্ট পরীক্ষাগার যে জেলায় অবস্থিত, সেখানকার সিভিল সার্জন অফিসে স্থাপিত পৃথক বুথে যাত্রীদের নমুনা দিতে হবে।
নমুনা দেয়ার পর থেকে যাত্রার আগে পর্যন্ত সংশ্লিষ্ট যাত্রীকে আইসোলেশনে থাকতে হবে।
পরীক্ষার জন্য একটি ফি নির্ধারণ করে দেয়া হয়েছে। যারা ল্যাবরেটরিতে গিয়ে নমুনা দেবেন তাদের দিতে হবে ৩৫০০ টাকা। আর বাড়ি থেকে নমুনা সংগ্রহ করা হলে ৪৫০০ টাকা দিতে হবে।
যেসব স্থানে করোনাভাইরাসের পরীক্ষা করানো যাবে:
• শের-ই বাংলা মেডিকেল কলেজ, বরিশাল
• বাংলাদেশ ইন্সটিটিউট অফ ট্রপিক্যাল এন্ড ইনফেকশনাস ডিজিসেস, চট্টগ্রাম
• কক্সবাজার মেডিকেল কলেজ (আইইডিসিআর ফিল্ড ল্যাবরেটরি)
• কুমিল্লা মেডিকেল কলেজ, কুমিল্লা
• ন্যাশনাল ইন্সটিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার, ঢাকা
• ইন্সটিটিউট অফ পাবলিক হেলথ, ঢাকা
• ন্যাশনাল ইন্সটিটিউট অফ প্রিভেনটিভ এন্ড সোশ্যাল মেডিসিন, ঢাকা
• নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল, নারায়ণগঞ্জ
• খুলনা মেডিকেল কলেজ, খুলনা
• কুষ্টিয়া মেডিকেল কলেজ, কুষ্টিয়া
• ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ
• শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া
• রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী
• এম আবদুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর
• রংপুর মেডিকেল কলেজ, রংপুর
• সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, সিলেট

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.