নির্বাচিত হলেন রুশনারাও

0 420

লন্ডনের বেথনাল গ্রিন ও বো আসনে লেবার পার্টির প্রার্থী বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী বিজয়ী হয়েছেন। এ নিয়ে এই আসন থেকে তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত হলেন।

শুক্রবার সকালে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার অনুষ্ঠিত যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে রুশনারা আলী ৩৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। ২০১৫ সালের তুলনায় এবার তিনি ১০ শতাংশ বেশি ভোট পেয়েছেন।

রুশনারার পাশাপাশি এবারের নির্বাচনে জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিকও।

যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি এগিয়ে রয়েছে।

সিএনএন বলছে, সর্বশেষ পাওয়া ফলাফলে কনজারভেটিভ পার্টি পেয়েছে ২৯৭ আসন। আর লেবার পার্টি পেয়েছে ২৪৯ আসন। এসএনপি ৩৪ আসন। লিব ডেম পেয়েছে ১১ আসন। অন্যান্য দল পেয়েছে ২১ আসন।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলে। নির্বাচনে ভোটার ছিলেন প্রায় ৪ কোটি ৯ লাখ।

মাত্র দুই বছরের ব্যবধানে যুক্তরাজ্যে তৃতীয় জাতীয় এই নির্বাচনে ব্রিটিশ পার্লামেন্টের নিম্ন কক্ষ হাউস অব কমনসের মোট ৬৫০ আসনের বিপরীতে এবার মোট ৬৮টি দল ও ১৯১ জন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২ হাজার ৩০৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হলে কোনো দলকে এককভাবে ৩২৬টি আসন পেতে হবে।

প্রধানমন্ত্রী থেরেসা মে আবার ক্ষমতায় বসবেন, নাকি লেবার পার্টির নেতা জেরেমি করবিন নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন তা জানা যাবে শুক্রবারই ভোট গণনা শেষে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.