উদ্যোক্তাদের কারণে রেকর্ড প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ

575

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বাংলাদেশ এ বছর রেকর্ড পরিমাণ প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে। এবার প্রবৃদ্ধির ৭ দশমিক ২৮ শতাংশ। এটা সম্ভব হয়েছে উদ্যোক্তাদের কারণে।

বুধবার রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭১ মিলনায়তনে পাঁচ দিনব্যাপী বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ-২০১৭ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পৃথিবীর ১৭০টি দেশের সঙ্গে বাংলাদেশেও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এন্ট্রাপ্রেনিউরশিপ ডিপার্টমেন্টের উদ্যোগে আজ শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ-২০১৭।

পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলাদেশ দারিদ্র্যের হার ২২ শতাংশে নামিয়ে আনতে পেরেছে, যেটা স্বাধীনতার পর ছিল ৮৩ শতাংশ। বাংলাদেশে এখন মঙ্গা বলে কোনো শব্দ নেই।

তিনি আরো বলেন, স্বাধীনতার পর বাংলাদেশের জিডিপির পরিমাণ ছিল মাত্র ৩৮ বিলিয়ন, আর গত আট বছরে জিডিপি ১০০ বিলিয়ন বেড়ে হয়েছে ২৫০ বিলিয়ন। এসব সাফল্যের কারণে যারা একসময় বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক কথা বলত, সেই বিশ্ব ব্যাংক, আইএমএফ এখন বলছে বাংলাদেশ বিশ্বের বিস্ময়।

আ হ ম মুস্তফা কামাল আরো বলেন, সরকারের হাতে এখন ১ হাজার ৪৫০টি প্রকল্প রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশের মানুষই আর বাংলাদেশকে চিনতে পারবে না। সরকার এসব প্রকল্প দ্রুত বাস্তবায়নের চেষ্টা করছে।

শিক্ষার্থীদের উদ্দেশে পরিকল্পনামন্ত্রী বলেন, উদ্যোক্তা হতে হলে দূরদৃষ্টিসম্পন্ন হতে হয়। পাশাপাশি ঝুঁকি গ্রহণের সাহস ও মানসিকতা থাকতে হয়। পৃথিবীতে তারাই উদ্যোক্তা হিসেবে সফল হয়েছে যারা ঝুঁকি গ্রহণ করেছেন এবং অন্তর্দৃষ্টিসহকারে ঝুঁকি মোকাবিলা করেছেন।

এ সময় তিনি শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য নির্ধারণ করার আহ্বান জানান। তিনি বলেন, নিজের দক্ষতা ও স্বভাবসূলভ প্রবণতা বিবেচনায় নিয়ে জীবনের লক্ষ্য নির্ধারণ করো।

সভাপতির বক্তব্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেন, উদ্যোক্তা হওয়া মানে শুধু ব্যবসা-বাণিজ্য করা নয়। প্রতিষ্ঠানের ভেতরেও উদ্যোক্তা তৈরি করা যায়। এজন্য আমাদের মানসিকতা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। পরিবর্তন করতে হবে শিক্ষাব্যবস্থারও। আমাদের দেশের শিক্ষকদের হতে হবে উদ্যোক্তা মানসিকতাসম্পন্ন। তারা উসকে দেবেন শিক্ষার্থীর ভেতরের উদ্যোক্তা মানসিকতাকে। আমাদের দেশের অনেক শিক্ষকের মধ্যে সেই মানসিকতা নেই। এই মানসিকতার পরিবর্তন জরুরি।

তিনি আরো বলেন, গতানুগতিক শিক্ষাব্যবস্থার ওপর ভর করে একটি দেশ বেশি দূর অগ্রসর হতে পারে না। এজন্য কোর্স কারিকুলামের পরিবর্তন দরকার। তত্ত্বীয় শিক্ষার পাশাপাশি ব্যবহারিক শিক্ষায় বেশি মনোযোগী হওয়া প্রয়োজন। এসব দিক বিবেচনা করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উদ্যোক্তা বিভাগ চালু করেছে।

উবার ও আলিবাবার মতো প্রতিষ্ঠানের উদাহরণ তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশে মো. সবুর খান বলেন, আগে যাদের হাতে টাকা ছিল তারা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতেন, কিন্তু এখন যাদের মাথায় আইডিয়া আছে তাদেরকে অর্থ দিয়ে সাহায্য করেন সম্পদশালীরা।

তরুণদের এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান মো. সবুর খান।

বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ এম ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহাবুবুল হক মজুমদার, গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ নেটওয়ার্কের কান্ট্রি হোস্ট সোহায়েল চৌধুরী, এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগের প্রধান মোহাম্মদ শিবলী শাহরিয়ার, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক আবু তাহের খান প্রমুখ।

এ মেলার সহযোগী ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার এবং স্ট্র্যাটিজিক পার্টনার বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল।

পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানমালায় থাকছে- বাংলাদেশে উদ্যোক্তা উন্নয়ন শীর্ষক আলোচনা সভা, দেশের প্রতিভাবান তরুণদের মাঝে ব্যবসা প্রস্তাবনা প্রতিযোগিতা, স্টার্ট আপ ফেয়ার, ডিজিটাল মার্কেটিং, বিপণন কৌশল ও ধারনা বিষয়ক কর্মশালা, ভেঞ্চার ক্যাপিটাল পলিসি এবং প্রসিডিউর বিষয়ক সেমিনার, মহিলা উদ্যোক্তা উন্নয়ন বিষক আলোচনা, বুট ক্যাম্প, উদ্যোক্তা সম্মেলনসহ নানা আয়োজন।

আগামী ১৮ নভেম্বর উদ্যোক্তা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবদুল মাতলুব আহমাদ। ১৯ নভেম্বর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

অনুষ্ঠান শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল স্টার্ট আপ ফেয়ার পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবন নিয়ে প্রদর্শিত স্টল পরিদর্শন করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.