।। নিজস্ব প্রতিনিধি।। কুমিল্লায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী রাজনৈতিক সচিব/উপসচিব প্রধানমন্ত্রীর কার্যালয় পরিচয়দানকারী এক প্রতারককে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (১২ আগষ্ট) বিকালে কুমিল্লার বিসিক শিল্পনগরী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার সাথে থাকা চার সহযোগীকেও আটক করে পুলিশ।

বুধবার সন্ধ্যায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম পিপিএম ( বিপিএম) বার।সংবাদ সম্মেলনে জানানো হয়, আটক শরীফ উদ্দিনের বাড়ি নেত্রকোনা জেলায়। পড়াশোনা এইচএসসি (ভোকেশনাল) পাশ।
শরীফ প্রধানমন্ত্রীর কার্যালয়ে আউট সোর্সিংয়ের কর্মী হিসেবে তিন মাস পিয়নের কাজ করতে গিয়ে বহিস্কার হয়েছিলো।
তিনি আরও জানান, শরীফ কখনো মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সচিব, কখনো উপসচিব, আবার নিজেকে দাবি করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ- সম্পাদক। নাম পাল্টে নিজেকে আকাশ আহমেদ শরীফ, বাড়ি গোপালগঞ্জে বলে প্রতারণা করেন। এছাড়া প্রধানমন্ত্রীকে ডাকেন ‘ফুফু’। দুইটি ফেইসবুক আইডিতে ভিন্ন ভিন্ন পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবত প্রতারণা করে আসছিলেন তিনি। এমনকি মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রীসহ বিভিন্ন মন্ত্রী এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে নিজের ছবি এডিট করে ফেসবুকে তা প্রদর্শন করে মানুষকে বিভ্রান্ত করে আসছিলো।
পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, সম্প্রতি ফেসবুকে শরীফের সাথে পরিচয় হয় কুমিল্লার অধিবাসী হাবীবা ইসলাম খান এবং তার স্বামী ডা. বদরুল ইসলাম খানের সাথে। পরবর্তীতে শরীফ নিজেকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সচিব পরিচয় দিয়ে কুমিল্লায় আসবেন বলে জানান। ঘটনার দিন প্রতারক শরীফ তার সঙ্গে চারজনকে নিয়ে কুমিল্লায় হাজির হন একটি নোয়া গাড়ি দিয়ে এবং বিসিক এলাকায় ওই দম্পতির ওষুধ ফ্যাক্টরি পরিদর্শন করেন। কিন্তু সরাসরি তাকে প্রথম দেখেই পরিচয় নিয়ে সন্দেহ হয় ওই দম্পতির। পরবর্তীতে বিকাল ৩টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ারুল আজিম, পরিদর্শক ইখতিয়ার উদ্দিন, উপ-পরিদর্শক পরিমল চন্দ্রদাসহ অভিযান চালিয়ে চার সঙ্গীসহ শরীফকে আটক করে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শরীফ ও তার সহযোগীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়েছে পুলিশ। তার প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার আজিম উল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমনসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।