বিশিষ্ট সংগীতশিল্পী ও মুক্তিযোদ্ধা লাকী আখন্দর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করার সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সে হিসেবে আজ শনিবার সকাল ১০টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা আরমানিটোলা মাঠে। এরপর বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জানানো হবে রাষ্ট্রীয় সম্মাননা। কিন্তু বৃষ্টির কারণে বিঘ্নিত হতে পারে এই আনুষ্ঠানিকতা। সে জন্য সবসাধারণের অসুবিধার কথা ভেবে এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
পারিবারিক সূত্র বলছে, বৃষ্টি অব্যাহত থাকলে আরমানিটোলা মাঠ নয়, একই সময় জানাজা হবে আরমানিটোলা জামে মসজিদে। অন্যদিকে, এই কিংবদন্তির মরদেহ নেওয়া হবে না শহীদ মিনারে। একই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা হবে। এরপর মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে মরদেহ।
শনিবার সকাল পৌনে ৯টায় এরশাদুল হক টিংকু এসব তথ্য জানান। আগের দিন সন্ধ্যা ৬টার দিকে আরমানিটোলার বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী লাকী আখন্দ। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুস ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। তাঁর চিকিৎসায় পাশে দাঁড়িয়েছিল দেশের মানুষ ও রাষ্ট্র।