প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশকে ৪র্থ শিল্প বিপ্লবে শামিল করতে চাই : পলক

640

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা নির্দেশনায় আমরা বাংলাদেশকে ৪র্থ শিল্প বিপ্লবে শামিল করতে চাই। ৪র্থ শিল্প বিপ্লবের এ যুগে প্রযুক্তি খুবই দ্রুততার সাথে পরিবর্তিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষের দুর্ভোগ লাগবে নানামুখী প্রকল্প বাস্তবায়ন করছি’।

রোববার দুপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সম্মেলন কক্ষে টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি)-এর সদস্যদের সাথে “টেক টক” শীর্ষক এক মত বিনিময়সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এসব কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আইসিটি ও টেলিকম সেক্টর আলাদা দুটো সেক্টর হিসেবে বিবেচনা করা সমীচীন নয় বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দুটো বিভাগকে একটি মন্ত্রণালয়ের আওতায় এনেছেন’।

আইসিটি প্রতিমন্ত্রী সফটওয়্যার রপ্তানী, হার্ডওয়্যার খাতে শুল্ক হ্রাস, সবার জন্য ইন্টারনেট সংযোগ, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, ইনোভেশন ডিজাইন এন্ড অন্ট্রাপ্রেনিওরশীপ, ই-গভার্নেন্স, তথ্যপ্রযুক্তি খাতে কর্মসংস্থান, হাইটেক পার্ক, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স, আইওটি, মিশন ১ বিলিয়ন, টেন প্লাস টেন প্লাস টেন স্ট্রাটেজি, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।

বিভিন্ন প্রকল্প সম্পর্কে জনগনকে সচেতন করতে এবং প্রকল্পের সুফল প্রচার করতে টিআরএনবি আরও জোরালো ভূমিকা রাখবে- আশা প্রকাশ করে তিনি বলেন, টিআরএনবি’র সাথে আইসিটি ডিভিশনের আন্তরিক সম্পর্ক রয়েছে। এ ধরনের আলোচনার মাধ্যমে সে সম্পর্ক নতুন মাত্রা পাবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.