বাণিজ্যিক নগরী চট্টগ্রামকে সরকার প্রযুক্তির নগরী করতে চায় বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বৃহস্পতিবার বিকালে চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে আইটি-আইটিইএস জব ফেয়ারের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সরকারের তথ্য ও প্রযু্ক্তি বিভাগের সহায়তায় ও বেসরকারি কয়েকটি প্রতিষ্ঠানের উদ্যোগে এ চাকরি মেলা অনুষ্ঠিত হয়।
সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী পলক তথ্যপ্রযুক্তি খাতে সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বলেন, “বাণিজ্যিক নগরী চট্টগ্রামকে আমরা প্রযুক্তির নগরী করতে চাই। প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামকে ‘ডিজিটাল ইকোনোমিক হাব’ হিসেবে তৈরি করা হবে।”
তিনি জানান, প্রায় ৮০ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘আইটি বিজনেস ইনকিউবেটর’ তৈরির কাজ শিগগিরই শুরু হবে।
এছাড়াও বাকলিয়ায় হাইটেক পার্ক নির্মাণসহ চট্টগ্রামে তথ্যপ্রযুক্তির বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে পলক এসব নির্মাণের ফলে চট্টগ্রামের ২০ হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির কথা জানান।
তিনি বলেন, “ডিজিটাল বাংলাদেশ উন্নয়ন রূপকল্প নয়। এটি হচ্ছে ‘ফিলোসফি অব রেভুলেশন’, যা শ্রমজীবী অর্থনীতি থেকে মেধা নির্ভর অর্থনীতিতে রূপান্তর হওয়া।”
আইসিটি খাতে বিনিয়োগের জন্য বাংলাদেশ আকর্ষনীয় উল্লেখ করে তিনি বলেন, “বাংলাদেশে প্রায় এক হাজারের বেশি আইটিআইসি কোম্পানি আছে। যেখানে প্রায় সাড়ে সাত থেকে দশ লাখ ছেলে-মেয়ে ইন্টারনেট নির্ভর কাজ করছে।”
বাংলাদেশে বর্তমানে আইসিটি খাতে ৭০০ মিলিয়ন ডলার রপ্তানি আয় আছে দাবি করে তা ২০২১ সালের মধ্যে তা পাঁচ বিলিয়ন ডলারে উন্নীত করার ইচ্ছার কথা জানান প্রতিমন্ত্রী।
২০২১ সালের মধ্যে দেশের ২০ লাখ তরুণ-তরুণীর আইসিটি সেক্টরে কর্মসংস্থান নিশ্চিত করার কথা জানিয়ে তিনি তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে বেশকিছু প্রকল্প হাতে নেওয়ার কথাও বলেন।
দেশে নির্মাণাধীন ২৮টি আইটি পার্কের বিভিন্ন প্রতিষ্ঠানে তিন লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করেন তিনি।
দিনব্যাপী এই চাকরি মেলায় চট্টগ্রামের ১৩টিসহ মোট ৫২টি প্রতিষ্ঠান অংশ নেয়, যেখানে প্রায় ১১ হাজার তরুণ-তরুণী নিবন্ধন করেছেন বলে আয়োজকরা জানান।
প্রতিমন্ত্রী জানান, নিবন্ধিতদের মধ্যে থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে ১৫০ জনকে সরাসরি নিয়োগ দেওয়া হয়েছে এবং সাড়ে ৬০০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে, যেখান থেকে পর্যায়ক্রমে চাকরি দেওয়া হবে।
মেলায় চারটি অধিবেশনে আলোচনা ও সেমিনার অনুষ্ঠিত হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.