সম্প্রতি জার্মানির হামবুর্গে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেন প্রেসিডেন্ট ট্রাম্প।
ওই বৈঠকের পর মি. ট্রাম্প ক্রিশ্চিয়ান ব্রডকাস্টিং নেটওয়ার্ককে এক সাক্ষাৎকার দেন, যেখানে তিনি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করে তাঁর ‘খুব ভালো লেগেছে’।
ট্রাম্পকে বিজয়ী করতে রাশিয়া যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করেছে- এমন অভিযোগে এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘রাশিয়া চেয়েছিল তাঁর প্রতিপক্ষ হিলারি ক্লিনটন নির্বাচিত হোক। কেন তাঁরা হিলারিকে চেয়েছিল? কারণ, হিলারি নির্বাচিত হলে আমাদের সেনাবাহিনী ধ্বংস হয়ে যেত। ‘
সাক্ষাৎকারে ট্রাম্প আরো বলেছেন, হোয়াইট হাউজে প্রেসিডেন্টের আসনে হিলারি ক্লিনটন বসুক এমনটাই হয়তো চেয়েছিলেন মি. পুতিন।
অবশ্য রাশিয়া ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে সাহায্য করেছে এমন বেশ কয়েকটি অভিযোগ এখন তদন্তাধীন রয়েছে। যদিও মি. ট্রাম্প ও রাশিয়া বরাবরই এ হস্তক্ষেপের বিষয়টি অস্বীকার করে আসছে।
ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘মানুষজনকে বলতে শুনি যে, তাদের সাক্ষাৎ করা উচিত নয়। ঠিক আছে, কিন্তু কোন মানুষগুলো এসব কথা বলে? আমারতো মনে হয় আমাদের বৈঠক দারুণ ছিল এবং সাক্ষাতের পর দুজনেরই খুব ভালো লেগেছে। ‘
সূত্র : বিবিসি বাংলা