জাতীয় সঙ্গীতকে ‘অশ্রদ্ধা’র অভিযোগে যা বললেন তামিম-মাহমুদউল্লাহ

743

আফগানিস্তানের কাছে ৪৫ রানে হেরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। ব্যাটে-বলে ব্যর্থতায় আফগানদের কাছে ধরাশয়ী হয়েছেন সাকিব আল হাসানরা। কিন্তু দেশবাসীকে হারের চেয়েও বেশি ক্ষুব্ধ করেছে জাতীয় সঙ্গীতের প্রতি তাদের ‘অশ্রদ্ধা’।

ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীতের সময় বাংলাদেশের ক্রিকেটাররা যথেষ্ট শ্রদ্ধা দেখাননি বলে অভিযোগ করেছেন দেশের ক্রিকেট ভক্তরা। মাহমুদউল্লাহ সেটা প্রত্যাখ্যান করলেন। ভুল বোঝাবুঝির কারণে এমনটা হয়েছে জানালেন টি-টোয়েন্টির সহঅধিনায়ক।

বাংলাদেশের জাতীয় সঙ্গীত চলার সময় ক্রিকেটারদের ঠোঁট মেলাতে দেখা যায়নি। এতে করে উঠেছে বিতর্কের ঝড়। আসলে ওই সময় কী ঘটেছিল সেটাই ফেসবুকে জানালেন মাহমুদউল্লাহ, ‘টেলিভিশনে প্রথম টি-টোয়েন্টি দেখা দর্শকদের মনে হয়তো ভুল উপলব্ধি হয়েছে। জাতীয় সঙ্গীত চালুর পর কয়েক জন ক্রিকেটারের চেহারায় দ্বিধান্বিত অভিব্যক্তির কারণে এই বিতর্কের শুরু হয়েছে। কিন্তু বাস্তবে যেটা ঘটেছে, কোনও এক অজানা কারণ, বাংলাদেশের জাতীয় সঙ্গীত মাঠ থেকে ঠিকভাবে শোনা যাচ্ছিল না। কিন্তু আফগানিস্তানের জাতীয় সঙ্গীত পরিষ্কার শোনা গেছে।’

দলের সিনিয়র ক্রিকেটার আরও লিখেছেন, ‘আমরা, বাংলাদেশি খেলোয়াড়রা আসলে জাতীয় সঙ্গীত শোনার অপেক্ষায় ছিলাম। যদিও আগেই সেটা ‍শুরু হয়েছিল। কিন্তু মাঠ থেকে আমরা ‍শুনতে পাচ্ছিলাম না। টেলিভিশনের শ্রোতারা একই সময়ে সেটা শুনতে পাচ্ছিল, কিন্তু সেটা আমাদের কানে পৌঁছায়নি।’

বাংলাদেশের ওপেনার তামিম ইকবালও ঠিক একই কথা বলেছেন। ফেসবুকে তার পোস্ট, ‘রবিবার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ যারা টিভিতে দেখেছেন তারা হয়তো জাতীয় সঙ্গীতের সময় বাংলাদেশের কয়েক জন ক্রিকেটারের দ্বিধান্বিত চেহারা দেখে ভুল বুঝেছেন। ব্যাপার হলো আফগানিস্তানের জাতীয় সঙ্গীত শোনা গেলেও বাংলাদেশের জাতীয় সঙ্গীত মাঠ থেকে কোনও কারণে শোনা যায়নি। খেলোয়াড়রা জাতীয় সঙ্গীত চালু হওয়ার অপেক্ষায় ছিল। বিস্ময়কর ব্যাপার হলো টিভি দর্শকরা জাতীয় সঙ্গীত শুনতে পেলেও আমরা খেলোয়াড়রা সেটা শুনতে পাইনি।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.