নিম্নচাপের প্রভাবে শনিবার সারাদিনই ঝরেছে গুঁড়িগুঁড়ি বৃষ্টি। সেই ধারা অব্যাহত আছে এখনও। বৈরী আবহাওয়ার কারণে বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৬টায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচটি শুরু হওয়ার কথা। কিন্তু ম্যাচের আলোচনা বাদ দিয়ে আলোচনায় জায়গা করে নিয়েছে অসময়ের বৃষ্টি!
ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলে কপাল পুড়বে রংপুর রাইডার্সের। বাইলজের নিয়ম অনুযায়ী কেবলমাত্র ফাইনালে রিজার্ভ ডে আছে। সেক্ষেত্রে ম্যাচটি বাতিল হয়ে গেলে লিগপর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার সুবাদে কুমিল্লা ফাইনালে চলে যাবে। ১২ ডিসেম্বরের ফাইনালে তখন সাকিবের ঢাকার প্রতিপক্ষ হবে তামিমরা।
অবশ্য বৃষ্টির কারণে ম্যাচটি যদি কার্টেল ওভারে গড়ায় তবুও রংপুর অন্তত খেলার সুযোগ পাবে। যদিও কার্টেল ওভারের সমীকরণ বেশ কঠিন। এইসব সমীকরণে দুই দলকেই বেকায়দায় পড়তে হতে পারে। কেননা বৃষ্টি আইনে ডাকওয়ার্থ ও লুইস মেথড অনুযায়ী কখন কোন টার্গেট হবে সেটি বলতে পারবে কেবল বৃষ্টির গতিবিধি, আর খেলা বন্ধ থাকা সময়ই!
বাইলজ অনুযায়ী বৃষ্টির পরও অন্তত ৫ ওভার পর্যন্ত ম্যাচ হতে হবে। যদি সেটাও সম্ভব না হয়, ম্যাচ গড়াতে পারে সুপার ওভারে। ম্যাচের সময়সীমার মধ্যে মাঠ খেলার জন্য উপযুক্ত না হলে রংপুরের কপাল পুড়বে। কারণ পয়েন্ট টেবিলে হেড টু হেড লড়াই, রানরেট- সব সমীকরণেই এগিয়ে কুমিল্লা। ১২ ম্যাচে কুমিল্লার সংগ্রহ ১৮ পয়েন্ট, সমান ম্যাচে রংপুরের সংগ্রহ ১২!
যদিও লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ চার দলের সঙ্গেই বসেছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। কোয়ালিফায়ার ম্যাচগুলোতে রিজার্ভ ডে নতুন করে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিয়ে আলোচনা হয়। কিন্তু এতে কুমিল্লা রাজি হয়নি। কারণ ম্যাচ পরিত্যক্ত হলে সুবিধা পাবে তারাই। তবে শেষ পর্যন্ত ম্যাচটির ভাগ্যে কী আছে, সেটা সময়ই বলে দেবে। বিপিএল এর আগেও নতুন নতুন নিয়ম আবিষ্কার করেছে!
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.