কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বেগম আমেনা সুলতান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী নাছরিন আক্তার বলেন, জীবনে প্রথমবারের মতো সরাসরি জাতীয় সংসদের অধিবেশন দেখে অনেক ভাল লেগেছে।
আজ বিদ্যালয়টির বার্ষিক শিক্ষা সফর ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। এতে যোগ দিয়েছিলেন বিশ জন শিক্ষক সহ শতাধিক শিক্ষার্থী। সকাল ৮ টায় বিদ্যালয় থেকে শুরু হয়ে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর রোডে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর পরিদর্শন এবং বাংলাদেশ জাতীয় সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করার মাধ্যমে এই শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী ফৌজিয়া আক্তার মুক্তা বলেন, ‘জাদুঘরটির প্রতি দেয়ালে ছবির মাধ্যমে বাংলাদেশের ইতিহাস তুলে ধরা হয়েছে এবং কক্ষগুলোয় প্রদর্শিত হচ্ছে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারবর্গের নানা স্মৃতিচিহ্ন। এসব দেখে অনেক অজানা কিছু আজ জানা হল।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেন্দ্রনাথ রায় সূত্রে জানা গেছে, দাউদকান্দি-মেঘনার মাননীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অব:) মো: সুবিদ আলী ভূঁইয়া এমপি মহোদয়ের নির্দেশনায় ও দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব:) এর ব্যক্তিগত উদ্যোগে এই শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাছিমা আক্তার বলেন, ‘শিক্ষা সফরে সুশৃঙ্খল আয়োজন ও সুস্থ বিনোদনচর্চা শিক্ষক ও শিক্ষার্থীদের মুগ্ধ করেছে।’
এব্যাপারে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব:) সুমন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃত ইতিহাস কোমলমতি ছাত্রছাত্রীদের মাঝে তুলে ধরতে এবং শিক্ষার্থীদের ব্যক্তিত্ব ও নেতৃত্বের বিকাশ, গনতন্ত্রের চর্চা ও গনতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল করে গড়ে তুলতেই মূলত এই শিক্ষা সফর ।
এসময় তিনি জানান, ২০১৫ সালের সেপ্টেম্বর হতে দাউদকান্দি ও মেঘনা উপজেলার দশম শ্রেণী ও তদুর্দ্ধ শিক্ষার্থীদের নিয়ে এবং ২০১৬ সালের এপ্রিল হতে দাউদকান্দি ও মেঘনা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে সেই শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে, যা এখনও চলমান আছে।
শিক্ষা সফরটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সফল হওয়ায় অভিভাবকেরা সন্তোষ প্রকাশ করেছেন।