দাউদকান্দিতে কোচিং বাণিজ্যের সাথে জড়িত শিক্ষকদের তালিকা করা হচ্ছে

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় কোচিং বাণিজ্যের  সাথে জড়িত  শিক্ষক/ শিক্ষিকাদের নাম, পদবী (বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ইনডেক্স নম্বরসহ), বর্তমান কর্মস্থল ও নিজ জেলা উল্লেখপূর্বক কোচিং সেন্টারের নাম ও ঠিকানাসহ তালিকা করছে মাধ্যমিক শিক্ষা অফিস।

সূত্র জানায়, সহকারী পরিচালক (মাধ্যমিক -১) স্বাক্ষরিত চিঠিতে কোচিং সেন্টারের সাথে জড়িত সকল শিক্ষকদের তালিকা চাওয়া হয়েছে।

এব্যাপারে কথা বলতে চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান,  দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দাউদকান্দি পাইলট হাই স্কুলের  গভর্নিং বডির সভাপতি মেজর মোহাম্মদ আলী (অবঃ) এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, শিক্ষকরা শিক্ষা প্রতিষ্ঠানের মূল নিয়ামক শক্তি। তাদের ভূমিকা ছাড়া কোন লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গুটিকয়েক শিক্ষকের কারণে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের সম্মানহানি হচ্ছে।  কিছু অসৎ লোক মহান এই পেশায় ঢুকে পড়েছেন। এসব শিক্ষক টাকার বিনিময়ে পরীক্ষার হলে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর বলে দেয়া, ক্লাসে না পড়িয়ে প্রাইভেট কোচিংয়ে বাধ্য করা, প্রাইভেট না পড়লে শিক্ষার্থীদের ক্ষতি করার হীন অসৎ পথে ঢুকে পড়েছেন। তাই কোচিং বাণিজ্যে জড়িত শিক্ষকদের খোঁজে সরকারী এই উদ্যোগ নিসন্দেহে প্রশংসনীয় ।

উল্লেখ্য় যে, মেজর মোহাম্মদ আলী (অবঃ) এর উদ্যোগে গত বছর  দাউদকান্দি পাইলট হাই স্কুলের শিক্ষক/ শিক্ষিকাদের প্রতি কোচিং  করানো নিষিদ্ধ করা হয়েছিল। এবার হয়ত তা পুরো উপজেলার জন্য প্রযোজ্য হতে যাচ্ছে।