কুমিল্লা – ১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণলায়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভুঁইয়ার নামে মিথ্যা অপবাদে করা মামলা আমলে না নিয়ে, খারিজ করে দিয়েছেন আদালত।বুধবার বিকেলে ঢাকা সিএমএম আদালত বাদীর উপস্থিতি মামলাটি খারিজ করে দেন।
আদালত সূত্র জানায়, মামলাটি ১০৩ ধারায় খারিজ করা হয়।
উল্লেখ্য, জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত একটি সভায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলেছেন বলে সুবিদ আলী ভূঁইয়ার বিরুদ্ধে একটি মিথ্যা অপবাদ এনে গত বছরের ২২ আগস্ট দাউদকান্দির যুবলীগ নেতা মো. জিলানী সরকার বাদী হয়ে মামলা দায়ের করেন। এরপর অত্র মামলার সত্যতা-যাচাই প্রতিবেদনের জন্য সংশ্লিষ্ট শেরে বাংলানগর থানায় পাঠান আদালত। সংশ্লিষ্ট থানা তদন্ত করে সুবিদ আলী ভূইঁয়ার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা- এই মর্মে প্রতিবেদন দাখিল করে।
এরপর বাদী নারাজি আবেদন করলে অভিযোগটি তদন্তের জন্য ডিবি পুলিশকে নির্দেশ দেন আদালত। ডিবির তদন্ত কর্মকর্তাও সুবিদ আলী ভূঁইয়ার বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা এবং মামলাটি মানহানির উদ্দেশ্যে করা হয়েছে মর্মে প্রতিবেদন দেয়। সবশেষ ১৫ নভেম্বর ২০১৭, বুধবার বিকেলে বাদীর উপস্থিতিতে মামলাটি খারিজ করে দেন আদালত।