২০২০ সালের মধ্যে বেকারমুক্ত হবে দাউদকান্দি ও মেঘনা উপজেলা : মেজর মোহাম্মদ আলী (অব:)

কুমিল্লা জেলার দাউদকান্দি ও মেঘনা উপজেলাকে আগামী ২০২০ সালের মধ্যে বেকারমুক্ত করার ঘোষণা দিয়েছেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা জেলার শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অবঃ)।

একান্ত আলাপচারিতায় তিনি জানিয়েছেন আগামী ২০২০ সালে উপজেলা চেয়ারম্যান হিসেবে তাঁর দায়িত্ব পালনের মেয়াদ শেষ হওয়ার আগেই দাউদকান্দি-মেঘনা উপজেলা বেকার মুক্ত হবে । এসময় তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত দিয়ে যেমন বাংলাদেশের স্বাধীনতা এসেছে তেমনি তাঁর কন্যা শেখ হাসিনার হাত ধরে এসেছে অর্থনৈতিক স্বনির্ভরতা।

বেকারমুক্ত উপজেলা  ভিশনকে সামনে রেখে ‘তরুনরাই গড়বে দেশ- এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’  স্লোগানে, ইতোমধ্যে নানামুখী পদক্ষেপ গ্রহণ করছেন চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অবঃ)।  সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে গত এক মাসে দাউদকান্দি এবং মেঘনা উপজেলার ২০ জন স্বল্প শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন তিনি।

সেই সাথে উপজেলার বেকারদের তালিকা প্রস্তুত ও পর্যায়ক্রমে তাদের কর্মসংস্থান করে দেয়ার পরিকল্পনা নিয়েছেন। তারই অংশ হিসেবে সিঙ্গাপুর ভিত্তিক একটি মাল্টিন্যাশনাল কোম্পানীর জন্য দাউদকান্দি ও মেঘনা থেকে ৫০ জন নিরাপত্তারক্ষী নিয়োগের প্রক্রিয়া গ্রহণ করেছেন তিনি।

এক বিজ্ঞপ্তিতে, নিরাপত্তারক্ষী পদে ২০ থেকে ৫০ বছর বয়সের ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতা সম্পন্ন আগ্রহী প্রার্থীদের আগামী ১০ সেপ্টেম্বর রবিবার বিকাল ৫ঘটিকায়  জীবন বৃত্তান্ত, নূন্যতম অষ্টম শ্রেণী পাসের সনদপত্রের কপি, নাগরিকত্ব সনদপত্র/জন্ম সনদপত্রের কপি, পুলিশ ভেরিফিকেশন (ঐচ্ছিক) সহ দাউদকান্দি উপজেলা পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অবঃ) সুমনের সাথে যোগাযোগ করার জন্য আহবান জানানো হয়েছে।