।।নিজস্ব প্রতিনিধি।।
শিক্ষক ভালো হলে ছাত্রও ভালো হয় বলে মন্তব্য করেছেন কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা সম্পর্কিত সংসদীর কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া।
সোমবার (২৫ ডিসেম্বর ২০১৭) দুপুরে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ‘দাউদকান্দি আদর্শ (পাইলট) উচ্চ বিদ্যালয়-এর শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
উল্লেখ্য, মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া ‘দাউদকান্দি আদর্শ (পাইলট) উচ্চ বিদ্যালয়ের’ সাবেক ছাত্র ছিলেন।
এ সময় মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া আরও বলেন, ভালো ছাত্র গড়ে তোলতে শিক্ষকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাই ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় সাফল্য আনতে শিক্ষকদেরকে সতর্ক থাকা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করা জরুরি। সচেতন থাকতে হবে অভিভাবকদেরকেও।
এ সময়, ছাত্র-ছাত্রীদেরকে পড়াশুনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
ছবি : শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের একাংশ।
দিনব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন স্কুলের সাবেক ছাত্র ও বিএনপি নেতা শাহজাহান চৌধুরী। বর্ণাঢ্য এই আয়োজনে, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী এবং অত্র স্কুলের সাবেক ছাত্র ড. খন্দকার মোশাররফ হোসেন যোগ দেয়ার কথা থাকলেও অন্য ব্যস্ততার কারণে তিনি উপস্থিত হতে পারেন নি বলে জানিয়েছেন আয়োজকরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : জুরানপুর করিমুন্নেসা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মিসেস মাহমুদা ভূঁইয়া, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান (শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান, চট্টগ্রাম বিভাগ ও কুমিল্লা জেলা) এবং ‘দাউদকান্দি আদর্শ (পাইলট) উচ্চ বিদ্যালয়’-এর ম্যানেজিং কমিটির সভাপতি মেজর (অব.) মোহাম্মদ আলী, মেঘনা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমিন, দাউদকান্দি মডেল থানার ওসি মিজানুর রহমান, মেঘনা থানার ওসি সামুসুদ্দীন, দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কে. এম. আই. খলিল, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আহসান হাবীব লিল মিয়া, স্কুলের সাবেক প্রধান শিক্ষক ওবায়দুল হক সরকার, স্কুলের সাবেক ছাত্র ডা. বজলুর রহমান ও ইকবাল চৌধুরী এবং স্কুলের ম্যানেজিং কমিটির সকল সদস্যসহ অন্যান্যরা।
স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রী, বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্কুলের বিপুলসংখ্যক বর্তমান ছাত্র-ছাত্রী এবং সর্বস্তরের মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
ছবি : শতবর্ষ উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের আনন্দ র্যালী।
শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করছেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান (শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান, চট্টগ্রাম বিভাগ ও কুমিল্লা জেলা) এবং ‘দাউদকান্দি আদর্শ (পাইলট) উচ্চ বিদ্যালয়’-এর ম্যানেজিং কমিটির সভাপতি মেজর (অব.) মোহাম্মদ আলী।